
শেষ আপডেট: 19 December 2020 16:52
গত মরসুমে রয় কৃষ্ণের সঙ্গে তাঁর জুটি দারুণ সফল হয়েছিল। এবারও যাতে তা হয়, সেই লক্ষ্যেই পরিশ্রম করছেন উইলিয়ামস। হাবাসের দলের অন্যতম সেরা তারকা বলছেন, ‘‘ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আমাদের সবার লক্ষ্য দলকে জেতানো। দল হারলে বা পয়েন্ট নষ্ট করলে নানা বিষয় নিয়ে সমালোচনা হয়। সেটা হবেও। তবে আমরা চিন্তিত নই। আমি পুরো ফর্মে এখনও না ফিরলেও রয় কৃষ্ণ এবং মনবীর সিং দু'জনেই নিজেদের কাজটা করছে।’’
নিজে এখনও গোল পাননি, সেই প্রসঙ্গে বলেছেন, ‘‘আজ হোক বা কাল, গোল পাবই। কিন্তু আমাদের কাছে ব্যক্তিগত দক্ষতা নয়, আমরা চাই পুরো দল সাফল্য পাক, আর আমাদের কাছে তিন পয়েন্টই আসল, গোল কটা দিতে পারলাম, সেটি আমাদের কোচ মানে না।’’
এটিকে-মোহনবাগান দলের মূল কথাই হল, এক গোল হোক বা তিন গোল, সেটি কোনও বিচার্য নয়, জয় আনতে হবে, তিন পয়েন্ট পেতে হবে। এই কথাই দলের ফুটবলারদের বলেন কোচ হাবাস। সেটা নিজেই জানিয়েছেন উইলিয়ামস।
তাঁর কথায়, ‘‘ম্যাচটি জিততে হবে বেঙ্গালুরু এফসি-র বিপক্ষে। কারণ ওদের দলে সুনীল ছেত্রীর মতো তারকা রয়েছে। গোলও পাচ্ছে। ওরা উইং দিয়ে আক্রমণ তুলে আনছে। বিদেশি ফুটবলাররাও ভাল খেলছে। যত দিন যাচ্ছে ততই ওরা ভয়ঙ্কর ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে।’’