দ্য ওয়াল ব্যুরো : সময়টা ঠিকঠাক যাচ্ছিল না লিওনেল মেসির। নিজের মনের বিরুদ্ধে গিয়ে বার্সেলোনায় আরও এক মরসুম কাটাতে হবে তাঁকে। বার্সা শিবিরে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রাজপুত্র। যদিও এবার খোদ নিজের দেশ থেকে খুশির খবর এল। জানানো হয়েছে, আন্তর্জাতিক ফুটবলে মেসির লাল কার্ড দেখার জন্য যে নির্বাসন থাকার কথা ছিল, সেটি উঠে গিয়েছে। আর তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে থেকে দলের খেলা দেখতে হবে না। তিনি নিজেই মাঠে নেমে তাঁর জাদু দেখাতে পারবেন। আগামী ৮ অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে মেসি খেলতে পারবেন।
মূল ঘটনা গত বছরের জুলাইয়ের। চিলির বিপক্ষে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মেসি। সেই ম্যাচের পর কোপা আমেরিকা আয়োজকদের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছিলেন তিনি। ফলে তখন তাঁকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)।
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত নভেম্বরে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন মেসি। কিন্তু লাল কার্ড দেখার কারণে যে এক ম্যাচের নিষেধাজ্ঞা, সেটি ছিল প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য। যে কারণে চলতি বছরের বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ মাঠের বাইরেই থাকতে হতো মেসিকে।
আগামী মাসে বাছাইয়ের ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডর ম্যাচটি মিস করতেন মেসি। তবে এএফএ প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, মেসির ওপর থাকা লাল কার্ডের নিষেধাজ্ঞা উঠে গেছে এরই মধ্যে। ফলে বিশ্বকাপ বাছাইয়ের কোনও ম্যাচ মিস করতে হবে না তাঁকে।
কাতারে ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকায়, অক্টোবরে। সব বড় দলই নামবে ৮ অক্টোবর। নেইমারের ব্রাজিল ঘরের মাঠে খেলবে বলিভিয়ার বিরুদ্ধে। উরুগুয়ে যদিও নিজেদের দেশেই খেলবে, তবে প্রথম ম্যচে কঠিন প্রতিপক্ষ সামনে চিলি। বাকি দুটি ম্যাচ যথাক্রমে পারাগুয়ে-পেরু এবং কলম্বিয়া-ভেনেজুয়েলা।
১৩ অক্টোবর দ্বিতীয় খেলার জন্য ব্রাজিল যাবে। কাতারে ২০২২ বিশ্বকাপ ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর। দু’বছর আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব যেখানে দেড় বছরে প্রতিটি দেশকে ১৮টি করে ম্যাচ খেলে যোগ্যতার্জন করতে হবে কাতারে পৌঁছানোর।