
Shreyas Iyer, KKR
শেষ আপডেট: 14 March 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে আশঙ্কা। গত মরশুমে চোটের কারণে খেলতে পারেননি অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবার তিনি ফিট হয়ে উঠলেও আবারও পুরনো জায়গায় চোট পেয়েছেন।
শ্রেয়স প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলেননি। তারপর বোর্ড থেকে কড়া নির্দেশ দেওয়ার পরে তিনি রঞ্জি ম্যাচে নামতে বাধ্য হন। শ্রেয়স মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনালে ভাল খেলেছেন। মাত্র পাঁচ রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেন। প্রথমদিন তিনি যাও বা মাঠে ছিলেন, তারপর থেকে ফিল্ডিংও করতে নামেননি। তার থেকে বড় কথা, ৯৫ রানের ইনিংস খেলতে শ্রেয়সকে দু’বার ফিজিও ডেকে চিকিৎসা করাতে হয়েছে।
এমনকী দিনের খেলা শেষে শ্রেয়সকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করাতে হয়েছে। চিকিৎসক তাঁর পিঠের চোট পরীক্ষা করে জানিয়েছেন, অন্তত কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।
আইপিএলে ইডেনে কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ, হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখের দল। তার আগে ১৫ মার্চ থেকে ইডেনে প্রস্তুতি শিবির হবে নাইটদের। সেই শিবিরে দলের মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পন্ডিত হাজির থাকলেও অধিনায়ক শ্রেয়স থাকবেন কিনা সেই নিয়ে জল্পনা রয়েছে।
শ্রেয়স একান্ত না খেলতে পারলে নাইটদের অধিনায়কত্ব করবেন নীতিশ রাণা। গতবারও তিনি দলের নেতা ছিলেন। কিন্তু শ্রেয়স এবার ফিরে আসায় তাঁকেই দলের নেতা ঘোষণা করা হয়।