
শেষ আপডেট: 21 May 2024 16:49
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচে গ্যালারিতে থাকবেন শাহরুখ খান। কিং খান মাঠে থাকলে নাইটরা হারেন না, এমন একটা মিথ চালু রয়েছে। তারপরেও যে অন্যথা ঘটে না, তা নয়। কিন্তু কেকেআর সমর্থকরা মনে করেন, শাহরুখ হলেন দলের মালিক শুধু নন, অক্সিজেনও। তিনি দলের চালিকাশক্তি, আসল চিয়ারলিডারও।
মোদী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। ম্যাচের আগেরদিনই সোমবার রাতে শাহরুখ আমদাবাদে পৌঁছে গিয়েছেন পুত্র আব্রামকে নিয়ে। মুম্বইয়ে লোকসভা ভোট দিয়েই আমদাবাদে পা রেখেছেন বাদশা।
চলতি আইপিএলে ইডেনে অনেকগুলি ম্যাচে হাজির ছিলেন শাহরুখ। সব ম্যাচেই জিতেছে দল, হার রাজস্থান ম্যাচে। মুম্বই ম্যাচে শাহরুখ ছিলেন না, ইডেনে এসেছিলেন তাঁর বান্ধবী জুহি চাওলা।
যে ম্যাচে শাহরুখ ছিলেন না, সেই ম্যাচে নাইটদের তাতাতে দেখা গিয়েছে কন্যা সুহানা খানকে। সুহানা একা নন, তিনি এসেছেন তাঁর প্রিয় বান্ধবী চাঙ্কি পান্ডের কন্যা পুনমকে নিয়েই। শাহরুখ মোদী স্টেডিয়ামে থাকছেন তাঁর পুরো টিমকে নিয়ে। কিং খান চাইছেন মঙ্গলবারের ম্যাচ জিতেই ফাইনালের টিকিট পেতে। তিনি মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে দু’বারই মাঠে থাকেননি, ইচ্ছে করে নিজেকে সরিয়ে নিয়েছেন।