১২ বছর পর পাওয়া ছোট্ট তথ্য আড়ালে থাকা গল্পের নতুন কোনও অধ্যায় খুললেও, তা জোর গলায় বলার মতো নয়। পরিবার কোনও নিয়মিত আপডেট দেওয়ার পথে হাঁটতে নারাজ। ফলে মাইকেল শুমাখার সংক্রান্ত গোপনীয়, নিয়ন্ত্রিত আদত তথ্য কবে পুরোদস্তুর সামনে আসবে, বলা কঠিন।

মাইকেল শুমাখার
শেষ আপডেট: 27 January 2026 15:57
দ্য ওয়াল ব্যুরো: ফর্মুলা ওয়ানের ইতিহাসে অন্যতম সফল নাম। সেই মাইকেল শুমাখার (Michael Schumacher) ২০১৩-র ডিসেম্বরে আল্পসে স্কি করতে গিয়ে মাথায় গুরুতর চোট পাওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে তথ্য প্রায় পুরোটা গোপন রেখেছে পরিবার। এহেন দীর্ঘ নীরবতার ঘেরাটোপ ভেঙে এবার সামনে এল বিরল আপডেট। মার্কিন ক্রীড়া সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের (Fox Sports) একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুমাখার আর শয্যাশায়ী নন। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন নাকি এখন হুইলচেয়ারে বসতে পারেন। আপাতত তাঁকে বাড়ির আনাচেকানাচে ঘোরানো হচ্ছে। যদিও পরিবারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি, তবু দীর্ঘদিন পর এই তথ্য আন্তর্জাতিক ক্রীড়া মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দুর্ঘটনার পর জীবনযাপন
২০১৩ সালের সেই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে শুমাখার জনসমক্ষে আর আসেননি। তাঁর স্ত্রী কোরিনা শুমাখার (Corinna Schumacher) এবং এক স্পেশ্যালিস্ট চিকিৎসক ও নার্সের দল ২৪ ঘণ্টা নজরে রেখেছেন। পরিবার বরাবরই ব্যক্তিগত গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। তাই বাইরের দুনিয়ার সেভাবে উঁকিঝুঁকি মারার সুযোগ জোটেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এতদিন যে জনপ্রিয় ধারণা ছিল, শুমাখার কেবল চোখের পলকে প্রতিক্রিয়া জানাতে পারেন—তা পুরোপুরি সত্য নয়। সূত্রের বক্তব্য, তিনি আশপাশের কিছু বিষয় পুরোটা না হলেও বুঝতে পারেন। তবে তাঁর শারীরিক ও মানসিক সক্ষমতার মাত্রা ঠিক কতটা, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই।
গুজব, নিরাপত্তা ও আইনি জটিলতা
গত এক দশকে শুমাখারকে ঘিরে ছড়িয়েছে নানা গুজব। কখনও বলা হয়েছে, তিনি মেয়ের বিয়েতে হাজির থাকবেন, কখনও-বা আজ বাদে কাল তাঁকে জনসমক্ষে দেখা যাবে। সব ক’টি খবরই পরে ভুয়ো প্রমাণিত হয়েছে। গত বছর শুমাখার পরিবারের তিন কর্মী তাঁর এখনকার ছবি তুলে বিক্রির চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত হন। সেই ঘটনার পর তাঁদের বহিষ্কারের পাশাপাশি নিরাপত্তা ও গোপনীয়তা আরও কড়াকড়ি করা হয়।
আসল খবর হচ্ছে: ইদানীং খুব অল্প কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি—যাঁদের মধ্যে জ্যঁ তোদ (Jean Todt), রস ব্রাউন (Ross Brawn) ও গেরহার্ড বার্গারের (Gerhard Berger) মতো নাম রয়েছে—তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পান। বাকিদের জন্য শুমাখারের জগৎ কার্যত বন্ধ।
সাম্প্রতিক ইঙ্গিত
সম্প্রতি জন্মদিনে মেয়ে জিনা-মারিয়া শুমাখার (Gina-Maria Schumacher) দুর্ঘটনার আগের একটি পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেটিই ছিল দীর্ঘদিনে পরিবারের তরফে আসা সবচেয়ে সরাসরি বার্তা। তবে তাতে শারীরিক অবস্থার কোনও উল্লেখ ছিল না। ফক্স স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, হুইলচেয়ারে বসতে পারা নিঃসন্দেহে একটি শারীরিক অগ্রগতি। কিন্তু ‘ফিরে আসা’বা নাটকীয় পরিবর্তন বলা যাবে না। চিকিৎসার পরিভাষায় এটা সীমিত উন্নতি—এর বেশি কিছু নয়। ১২ বছর পর পাওয়া ছোট্ট তথ্য আড়ালে থাকা গল্পের নতুন কোনও অধ্যায় খুললেও, তা জোর গলায় বলার মতো নয়। পরিবার কোনও নিয়মিত আপডেট দেওয়ার পথে হাঁটতে নারাজ। ফলে মাইকেল শুমাখার সংক্রান্ত গোপনীয়, নিয়ন্ত্রিত আদত তথ্য কবে পুরোদস্তুর সামনে আসবে, বলা কঠিন।