
মোবাইল ফোন কানে রোহিত শর্মা
শেষ আপডেট: 12 February 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আপাতত প্রশংসার ঝড় বইতে শুরু করেছে। ক্রিকেটের পাশাপাশি রোহিত শর্মার ফ্যানেরা তাঁর ব্যক্তিগত জীবনেও উঁকি মারতে শুরু করেছেন। কটকের বরাবাটি স্টেডিয়ামে দুরন্ত শতরান করার পর রোহিত শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, ম্যাচের শেষে হিটম্যান ফোন করে তাঁর স্ত্রী রিতিকা সাজদেহর সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ রোহিতের মোবাইল ফোন নিয়ে আলোচনা করতে শুরু করেছেন। কোন সংস্থার মোবাইল ফোন ব্যবহার করেন রোহিত? দামই বা কত? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
ম্যাচের পর রোহিত শর্মা কোন কোম্পানির মোবাইল ফোন ব্য়বহার করছিলেন, তা নিয়ে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। সচরাচর বড় বড় সেলিব্রিটিরা আই-ফোন ব্যবহার করে থাকেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করতে ভালবাসেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত জয়ের পর রোহিত শর্মা স্ত্রী'র সঙ্গে কথা বলার জন্য যখন মোবাইল ফোনটা কানে ধরেন, তখন সকলের নজর সেই ফোনের উপর গিয়ে পড়ে। হিটম্যানের হাতে কোনও আইফোন নয়, বরং ওয়ানপ্লাস ফোন দেখে সবাই অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে, রোহিত ওয়ানপ্লাস ১২ ফোন ব্যবহার করেন। এই ফোনটার দাম আনুমানিক ৬৭ হাজার টাকা।
ইংল্যান্ডের বিরুদ্ধে কটকে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এই ম্যাচে রোহিত শর্মাকে সেই পুরনো মেজাজেই দেখতে পাওয়া গেল। ইংরেজ বোলারদের কার্যত দুরমুশ করে ১১৯ রান করেছেন। একদিনের ক্রিকেটে তিনি ৩২ নম্বর এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ নম্বর সেঞ্চুরি হাঁকালেন তিনি। এই পরিসংখ্যানে তিনি রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল ৪৮টি শতরান করেছেন।