
শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ
শেষ আপডেট: 11 February 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী ১২ ফেব্রুয়ারি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজন করা হবে। এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল মেন ইন গ্রিন। চোটের কারণে ছিটকে গেলেন দলের তারকা পেসার।
ত্রিদেশীয় সিরিজ থেকে পাকিস্তান ক্রিকেট দলের তারকা বোলার হ্যারিস রউফ ছিটকে গিয়েছেন। অনেকদিন ধরেই চোটের কারণে ভুগছেন তিনি। কিন্তু, তা সত্ত্বেও তিনি এই ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমেছিলেন। কিন্তু, এবার গোটা সিরিজ থেকেই তিনি ছিটকে গেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আনফিট হ্যারিস পাকিস্তান ক্রিকেট দলের দুশ্চিন্তা যে অনেকটাই বাড়াবে, সেটা আলাদা করে বলে বলার দরকার নেই।
হ্যারিস রউফের জায়গায় এই ট্রাই নেশন সিরিজে পাকিস্তান ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন আফিফ জাভেদ। আফিফের সাম্প্রতিক পারফরম্যান্স ইতিমধ্যে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ২৪ বছর বয়সি এই পেস বোলার সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এর পাশাপাশি ক্যায়দে আজম ট্রফিতে ২০১৯ সালে ডেবিউ করেছিলেন তিনি। ২০২০ সালে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলের হয়ে খেলেছিলেন তিনি। এবার তাঁর সামনে জাতীয় ক্রিকেট দলের দরজা খুলে গেল।
পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে আয়োজিত এই ট্রাই সিরিজে কিউয়ি ব্রিগেড ইতিমধ্যে ২ ম্যাচ জিতে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। এবার লড়াই পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। ১২ ফেব্রুয়ারির ম্যাচে যে দল জিততে পারবে, তারাই ফাইনালে জায়গা পাবে। তবে এই ম্যাচের আগে হ্যারিস রউফের চোট পাকিস্তান ক্রিকেট দলকে বড় ধাক্কা দিয়েছে।