দ্য ওয়াল ব্যুরো: কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্যালসের পরে এবার আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহী রওনা দিল মুম্বই ইন্ডিয়ান্সও। স্ত্রী ঋতিকা ও মেয়ে সামাইরাকে নিয়ে রওনা দিলেন রোহিত। আর রোহিতের বিমানবন্দরের ছবি সামনে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা।
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ছবি দেওয়া হয় ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মা ও তাঁর স্ত্রী ঋতিকা সজদে। পিপিই কিটে দু’জনেরই পা থেকে মাথা অবধি ঢাকা। দেখে মহাকাশচারীদের মতো লাগছে তাঁদের। রোহিত ও তাঁর স্ত্রীকে দেখে চেনার জো নেই। অন্যদিকে তাঁদের সামনেই ব্যাগের উপর বসে রয়েছে ছোট্ট ঋতিকা। তার পরনে অবশ্য কোনও পিপিই কিট নেই। এই ছবি দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ক্যাপশনে লেখা হয়েছে, “সামাইরা নিজের দ্বিতীয় আইপিএলের জন্য তৈরি।”
https://www.instagram.com/p/CEI8FY9MBfa/?igshid=9znlz4f3tfd3
এই ছবি নিয়েই শুরু হয়েছে সমালোচনা। রোহিত, ঋতিকা তো বটেই তাঁদের ব্যাগও যত্ন করে পিপিই কিট দিয়ে ঢাকা রয়েছে। সেখানে সামাইরার পরনে কিছু নেই। পিপিই কিট তো ছাড়, মুখে মাস্ক পর্যন্ত নেই ছোট্ট মেয়ের। আর তাতেই চটেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, নিজেরা সতর্কতা নিলেও ছোট্ট মেয়ের সতর্কতা কেন নেননি রোহিত-ঋতিকা। তাকেও পিপিই কিট পরানো উচিত ছিল। কেউ বলছেন, রোহিত-ঋতিকা তো প্রাপ্তবয়স্ক, বাচ্চাদেরই তো ভয় বেশি। আর তার জন্যই বাচ্চাদের বাইরে বের হওয়া থেকে শুরু করে স্কুলে যাওয়া সব বন্ধ রয়েছে। এই অবস্থায় কীভাবে ওইটুকু বাচ্চাকে কোনও প্রোটেকশন ছাড়া রেখেছেন তাঁরা। তাঁদের মতো সেলিব্রিটিরাও যদি নিজেদের বাচ্চাদের খেয়াল না রাখেন, তাহলে সাধারণ মানুষকে দোষ দিয়ে কী হবে।
এই ঘটনার পরে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্স বা রোহিতের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। কেন ছবিতে সামাইরার পরনে পিপিই কিট বা মাস্ক নেই তার কোনও উত্তর পাওয়া যায়নি। যদিও তার আগে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। সেখানে দেখা যাচ্ছে তাঁর ক্রিকেট কিট গুছিয়ে দিচ্ছে মেয়ে সামাইরা। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমাকে আমিরশাহীর জন্য তৈরি করতে আমার প্যাকার ইন চিফের সাহায্য পেয়ে গিয়েছি। ধন্যবাদ স্যামি।”
https://www.instagram.com/p/CEI3AzlhJRv/?igshid=1ml9tp9h1dtgb
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। চলবে ৫৩ দিন ধরে। ফাইনাল হবে ১০ নভেম্বর।