দ্য ওয়াল ব্যুরো: তাঁর কফ সিরাপে নিষিদ্ধ দ্রব্য মেলায় আট মাসের জন্য সবরকমের ক্রিকেট থেক ব্যান করা হয়েছিল তাঁকে। শুক্রবার তাঁর ব্যানের সময়সীমা শেষ হচ্ছে। ফলে ফের মুম্বই ও ভারতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ'য়ের। আট মাস মাঠের বাইরে কাটিয়ে আসা পৃথ্বীর কি নতুন অবতার দেখা যাবে। সেদিকেই লক্ষ্য সবার।
এই আট মাস ক্রিকেটের বাইরে থাকার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ারও বাইরে ছিলেন পৃথ্বী। এরমধ্যে কেবল গত সপ্তাহে তাঁর জন্মদিনে নিজের প্র্যাকটিসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে পৃথ্বী লেখেন, "আমার আজ ২০ বছর বয়স হল। আমি সবাইকে প্রমিস করছি এবার পৃথ্বী শ ২.০ কে দেখা যাবে। সবার শুভেচ্ছা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। খুব শিগগিরই মাঠে ফিরব।"
এই সময়কালে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস করেছেন পৃথ্বী। নিজের ফিটনেস ও ফর্মের দিকে নজর দিয়েছেন। আর তাই ব্যান সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের দলে সুযোগ হয়েছে তাঁর। সেইসঙ্গে ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এলিট লিগেও মুম্বই দলে সুযোগ হয়েছে ভারতের হয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা অধিনায়কের।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পৃথ্বীর। দুটি টেস্টেই নজর কেড়েছিলেন তিনি। কিন্তু তারপরেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পান তিনি। সিরিজ থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে। তাঁর বদলে সুযোগ পাওয়া ময়ঙ্ক আগরওয়াল কিন্তু দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে ওপেনার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করছেন রোহিত শর্মাও। ব্যাক আপ হিসেবে বেঞ্চে বসে রয়েছেন শুভমান গিলের মতো ঘরোয়া ক্রিকেটে রান করা ব্যাটসম্যান। এই পরিস্থিতিতে টিমে ঢোকা মোটেও সহজ নয়। তার জন্য ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করতে হবে। তবেই নির্বাচকদের নজরে পড়বেন। সেই কাজ শুরু করে দিয়েছেন পৃথ্বী। এখন দেখার তাঁর ২.০ রূপ কেমন হয়।