দ্য ওয়াল ব্যুরো: ২৫ জুন, ১৯৮৩। মহিন্দর অমরনাথের বলটা মাইকেল হোল্ডিংয়ের প্যাডে লাগার পর আম্পায়ারের আঙুল উঠতেই গোটা দেশে যেন খুশির বাঁধ ভেঙেছিল। কোনও রকমের প্রত্যাশা না থাকা তরুণ অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে ১১ জন ভারতীয় বিশ্বজয় করেছিলেন। তাও আবার দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। ৩৭ বছর হয়ে গিয়েছে সেই দিনের। কিন্তু আজও তা জ্বলজ্বল করছে সব ভারতবাসীর মনে। আর যাঁরা অধিনায়কত্বে এই স্বপ্ন সফল হয়েছিল, সেই কপিল দেবের কাছে এই দিনটার দুরুত্ব যে সবার থেকে খানিকটা বেশিই হবে তা বলাই বাহুল্য।
ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৭ বছর পূর্তিতে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করলেন কপিল দেব। বিশ্বকাপের ট্রফি হাতে নিজের ছবি শেয়ার করেন তিনি। সেখানে তিনি লেখেন, “একটা অবিস্মরণীয় দিনের ৩৭ বছর হল।”
https://www.instagram.com/p/CB13d79p_ww/?igshid=1j4xmie5nfpzf
একই রকমভাবে টুইটারে সেই দিনের কথা লেখেন কপিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা ভারতের বর্তমানে কোচ রবি শাস্ত্রী। তিনি লেখেন, “১৯৮৩ সালের ২৫ জুন আমরা বিশ্বাস করেছিলাম এবং আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় ক্রিকেটের চেহারা সব সময়ের জন্য বদলে দিয়েছিলাম।”
https://twitter.com/RaviShastriOfc/status/1275989754761240577?s=19
শুধুমাত্র সেই সময়ের প্লেয়াররা নয়, ভারতের পরবর্তীকালের অনেক ক্রিকেটারই সেই দিনের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভারতের অন্যতম সেরা স্পিনার তথা ২০১১ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরভজন সিং টুইট করে জানান, “৩৭ বছর আগে এই দিনে আমাদের উদ্বুদ্ধ করার জন্য কপিল দেব ও তাঁর পুরো দলকে ধন্যবাদ জানাচ্ছি।”
https://twitter.com/harbhajan_singh/status/1275998665866219520?s=19
ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ কাইফ সেই দিনের প্রশংসা করে টুইট করে লেখেন, “১৯৮৩ সালের ২৫ জুন বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে লর্ডসের স্টেডিয়ামে ভারতের অধিনায়ক কপিল দেবের ছবি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত। এটা ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে। এই জয় পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করেছিল স্বপ্ন দেখতে ও আরও বড় সাফল্য পেতে।”
https://twitter.com/MohammadKaif/status/1275979839695015936?s=19
টুইট করে সুরেশ রায়না লেখেন “ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দিনেই ভারতের পরবর্তী প্রজন্মের জন্য এক স্বপ্ন দেখা শুরু হয়েছিল। সেই দিনের আজ ৩৭ বছর হল।”
https://twitter.com/ImRaina/status/1275993931285540865?s=19
১৯৮৩ সালে লর্ডসের ফাইনালে প্রথমে ব্যাট করে ১৮৩ রান করে ভারত। ভারতের হয়ে সবথেকে বেশি ৩৮ রান করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন অ্যান্ডি রবার্টস।
জবাবে ব্যাট করতে নেমে ১৪০ রানে অল আউট হয়ে যায় দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দল। সর্বোচ্চ রান ৩৩ করেন ভিভ রিচার্ডস। ভারতের হয়ে মহিন্দর অমরনাথ ১২ রান দিয়ে ৩ উইকেট ও মদন লাল ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। মদন লালের বলে ভিভের শট পিছন দিকে প্রায় ৩০ গজ দৌড়ে ধরেছিলেন কপিল। ওই ম্যাচের পর সবাই একবাক্যে স্বীকার করেছিলেন সেটাই ছিল ওই ম্যাচের টার্নিং পয়েন্ট। পরে ভিভ নিজেও তা স্বীকার করেছেন অনেক জায়গায়।