গত কয়েক দিন ধরে খুব তাৎপর্যপূর্ণ ভাবেই মোহনবাগানের দুই শিবির একে অপরের বিরুদ্ধে কোনও চড়া সমালোচনা করছেন না। দুই শিবিরই বেশ সংযম দেখাচ্ছেন। এবার জানা গেল, রফাসূত্রর দ্বিতীয় ধাপেও পৌঁছে গেছেন যুযুধান দুই শিবিরের মাথারা।

শেষ আপডেট: 7 June 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের নির্বাচনে (Mohun Bagan Election) ভোটাভুটি এড়িয়ে যে একটা রফাসূত্র খোঁজার চেষ্টা হচ্ছে তা সবার আগে লিখেছিল দ্য ওয়াল। সেই রফাসূত্র হল, দলের সচিব পদে বসবেন সৃঞ্জয় ওরফে টুম্পাই বসু। আর সভাপতি হবেন বর্তমান সচিব দেবাশিস দত্ত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দূতের সঙ্গে সেই রফাসূত্র নিয়ে আলোচনার ব্যাপারে দেবাশিস দত্ত এখনও বাইরে কিছু বলতে চাননি। শুধু জানিয়েছিলেন, যা বলার মনোনয়ন পেশ করার পরই বলব। তবে ঘটনা হল, গত কয়েক দিন ধরে খুব তাৎপর্যপূর্ণ ভাবেই মোহনবাগানের দুই শিবির একে অপরের বিরুদ্ধে কোনও চড়া সমালোচনা করছেন না। দুই শিবিরই বেশ সংযম দেখাচ্ছেন। এবার জানা গেল, রফাসূত্রর দ্বিতীয় ধাপেও পৌঁছে গেছেন যুযুধান দুই শিবিরের মাথারা।
সেটা কী?
সেটা হল ফিফটি-ফিফটি। অর্থাৎ কমিটিতে মোট যত সদস্য পদ রয়েছে তাই দুই শিবিরের মধ্যে সমানভাবে ভাগ হবে।
সূত্রের খবর, ক্লাবের মোট ২০ জন কমিটি মেম্বারের মধ্যে ১০ জন থাকবেন সৃঞ্জয় শিবিরের, বাকি ১০ জন থাকবেন দেবাশিস দত্তর শিবিরের। এবং এই ২০ জন কমিটি সদস্যের মধ্যে এবারের মতই ফুটবল সেক্রেটারি পদে থাকবেন বাবুন বন্দ্যোপাধ্যায়। বাবুন সম্ভবত সৃঞ্জয় শিবিরে রয়েছেন। তাই দেবাশিস দত্তর শিবির পাবে ক্রিকেট সচিবের পদ।
মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) গত নির্বাচনে নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন সৃঞ্জয়। ক্লাব বহির্ভূত কারণে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ফলে গোটা কমিটিতেই দেবাশিস দত্তের প্রভাব ও কর্তৃত্ব ছিল। কিন্তু এবার শাসক দলের মধ্যে থেকেই টুম্পাইয়ের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু তার পরেও ভোটাভুটির জন্য অনড় ছিলেন দেবাশিস দত্ত।
তবে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে এর পর দৌত্যে নামে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁদের দৌত্যে যে চূড়ান্ত সিলমোহর পড়ে গেছে তা হয়তো এখনই বলা যাবে না। তা ছাড়া মনোনয়ন জমা নেওয়ার পর্ব এখনও চলছে। যার শেষ দিন হল সোমবার ৯ জুন। তবে যে সমঝোতার পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তা নিয়ে কোনও ধোঁয়াশা নেই। বরং তাইতিবাচক বলেই মনে করা হচ্ছে।