
রবি শাস্ত্রীর পাশে দাঁড়িয়ে রয়েছেন মিলিন্দ রেগে
শেষ আপডেট: 19 February 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এই ট্রফি জয়ের অন্যতম দাবিদার ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে টিম ইন্ডিয়া যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। আগামীকাল অর্থাৎ ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। কিন্তু, ভারতীয় ক্রিকেট শিবিরে ইতিমধ্যে একটি দুঃসংবাদ কার্যত সুনামির ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মিলিন্দ রেগে।
প্রসঙ্গত, রঞ্জি ট্রফিতে মুম্বই ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিলিন্দ। এমনকী, নির্বাচকের ভূমিকাও পালন করেন তিনি। জানা গিয়েছে, বুধবার সকালবেলা আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। ৭৬ বছর বয়সে মিলিন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে সম্প্রতি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃধবার সকাল ৬টা নাগাদ তাঁর মৃত্যুর খবর আসে।
মিলিন্দের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেট শিবিরে শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের খবর, ভারতের এই প্রাক্তন অলরাউন্ডার ২৬ বছর বয়সেও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু, তারপর আবারও তাঁকে ক্রিকেট মাঠে দেখতে পাওয়া যায়। তাঁর পরিবারে স্ত্রী এবং ২ ছেলে রয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে কখনও খেলার সুযোগ পাননি মিলিন্দ রেগে। কিন্তু, প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। মিলিন্দ মোট ৫২ প্রথম শ্রেণীর ক্রিকেট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি ব্যাট হাতে ১,৫৩২ রান করেন। ইতিমধ্যে তাঁর সর্বাধিক স্কোর ৬৭। এছাড়া বল হাতেও তিনি ১২৬ উইকেট শিকার করেছিলেন। তাঁর সেরা বোলিং পারফরম্য়ান্স ৮৪ রানে ৬ উইকেট।
Sad to hear about Milind Rege Sir's passing. He was a true Mumbai cricketer with immense contributions to the city's cricket. He and other CCI members saw potential in me and asked me to play for CCI, which, as I look back now, was a landmark moment in my career.
— Sachin Tendulkar (@sachin_rt) February 19, 2025
He could pick… pic.twitter.com/MD00ghszkW
মিলিন্দ রেগের প্রয়াণে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যে গভীর শোকপ্রকাশ করেছেন। দেশের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর একটি টুইট করে জানিয়েছেন, 'মিলিন্দ রেগে স্যারের প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত। উনি মুম্বইয়ের একজন সত্যিকারের ক্রিকেটার ছিলেন। মুম্বই ক্রিকেটের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। আমার প্রতিভা যাঁরা অন্বেষণ করেছিলেন তাঁদের মধ্যে একজন হলেন এই মিলিন্দ স্যার। আমাকে সিসিআইয়ের হয়ে খেলার পরামর্শ দেন। এটা আমার ক্রিকেট কেরিয়ারের ঐতিহাসিক সন্ধিক্ষণ।'
Really sad to hear about the demise of a dear friend Milind Rege. A true Champion in his contribution to Mumbai and Tata's cricket all-round. A Mentor Par Excellence. Heartfelt condolences to Raj and family. God bless his soul. pic.twitter.com/ZrB1fHAizg
— Ravi Shastri (@RaviShastriOfc) February 19, 2025
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী টুইট করে জানিয়েছেন, 'প্রিয় বন্ধু মিলিন্দ রেগের প্রয়াণের খবর শুনে খুবই দুঃখ হচ্ছে। মুম্বই এবং টাটা ক্রিকেটে ওর অলরাউন্ড পারফরম্য়ান্স আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। রাজ এবং ওর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দেবে।'