
সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি।
শেষ আপডেট: 23 May 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিই এমন এক ব্যতিক্রমী তারকা যিনি একই দলের হয়ে টানা ১৭ বছর আইপিএলে খেলে চলেছেন। ২০০৮ সাল থেকে শুরু, ২০২৪ সালেও তিনি দলের একনম্বর তারকা। কিন্তু দীর্ঘ দেড় দশকেও তিনি আইপিএল ট্রফি এনে দিতে পারেননি আরসিবি-কে।
এবারও দেখা গিয়েছে, চলতি আইপিএলে কোহলি দারুণ ফর্মে বিরাজ করেছেন। তিনি একটি সেঞ্চুরি করেছেন, একটি ফিরেছেন ৯২ রান থেকে। চারটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ রানের দিক থেকে তিনি শীর্ষে ছিলেন। রাজস্থানের বিরুদ্ধে এবার শেষ ম্যাচেও ৩৩ রান করেছেন।
টানা একটি ফ্রাঞ্চাইজি দলে খেলেই কি কোহলির হাতে ট্রফি নেই? এই নিয়ে এক বেসরকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, কোহলির এবার উচিত অন্য ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়া। তিনি মনে করেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেওয়া উচিত বিরাটের।
ইংল্যান্ডের প্রাক্তন তারকার ব্যাখ্যা, ‘‘দিল্লি কোহলির নিজের শহর। ওই শহরে কোহলির বাড়িও রয়েছে। দিল্লির সমর্থকদের আবেগ-অনুভূতি কোহলির চেনা। ওই ফ্রাঞ্চাইজি দলে রিকি পন্টিংয়ের মতো কোচ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্করা রয়েছেন। আমার মতে, কোহলি তো কিংবদন্তি, জিনিয়াস, ওঁকে শেখানোর কিছু নেই। কিন্তু দল বদলে খেললেও নিজের মনের ভেতর থেকেও একটা জেদ আসবে। আর লাক ফ্যাক্টরও সমান গুরুত্বপূর্ণ।’’
ওই সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পিটারসেন আরও জানান, কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটার সারা জীবনে একবারও আইপিএল ট্রফি পাবে না, তা হতে পারে না। কোহলির মতো ক্রিকেটারের বিশ্বের সেরা লিগে চ্যাম্পিয়ন হওয়া উচিত। বেঙ্গালুরু দলের চ্যাম্পিয়ন লাক নিয়ে সমস্যা রয়েছে। সেদিক থেকে দিল্লি অনেকবেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। সামনের বারই এই সিদ্ধান্ত নিক ভারতীয় ক্রিকেটের সেরা আইকন।