দ্য ওয়াল ব্যুরো: তিলোত্তমায় হাজির কপিল দেব। শুক্রবার থেকে শুরু হয়েছে আইসিসি রয়্যাল ক্যালকাটা ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ। এই ইভেন্টের সূচনা উপলক্ষ্যেই সিটি অব জয়-তে আগমন ৮৩-র বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের।
কপিল গলফ তো খেললেনই, পাশাপাশি কথা বললেন ক্রিকেট থেকে ফুটবল নিয়ে, সবকিছুতেই। শ্রেয়স আইয়ারের অভিষেক টেস্ট সেঞ্চুরি থেকে রোহিত শর্মার অধিনায়কত্ব হয়ে এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ডার্বি। সব নিয়েই খোলাখুলি আলোচনায় পাওয়া গেল 'হরিয়ানা হারিকেন'কে।
কপিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন যে, এই শহরের মানুষের প্যাশন বরাবরই তাঁকে আকৃষ্ট করে।
কপিলের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাঁর কী বক্তব্য, কপিল এই প্রসঙ্গে বলেন,"এই নিয়ে বলার আমি ঠিক উপযুক্ত লোক নই। আমার বক্তব্য একেবারেই গুরুত্বপূর্ণ নয়। এটা কেন্দ্রের নীতি। এটা বোর্ডের নীতি। তার উপরেই সব কিছু নির্ভরশীল।"
সম্প্রতি বিরাট কোহলি ভারতীয় দলের টি-২০ অধিনায়কত্ব ছেড়েছেন। মনে করা হচ্ছে আগামী দিনে কিং কোহলি ওয়ানডে ফর্ম্যাটেও নেতৃত্ব ছাড়তে পারেন।
কপিলের কাছে প্রশ্ন ছিল, কোহলির কি পঞ্চাশ ওভারের ক্রিকেটেও অধিনায়কত্ব ছা়ড়া উচিত?
কপিল মজা করে বলেন, "কোহলির গলফ খেলা উচিত। শুধু কোহলি কেন, নিজের মানসিকতা উন্নত করতে সবারই গলফ খেলা উচিত।" রোহিত শর্মার নেতৃত্বের প্রসঙ্গে কপিল ফের সাবধানী, তিনি জানিয়েছেন, রোহিত একা তো জেতাচ্ছে না, পুরো দল ভাল খেললে ক্যাপ্টেনের নাম হয়। সবাইকে ভাল খেলতে হবে।
অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাস লিখেছেন শ্রেয়স আইয়ার ১৬ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরির রেকর্ড করেছেন দেশের তরুণ প্রতিভাবান মিডল অর্ডার ব্যাটার।
শ্রেয়সে মোহিত কপিল। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের মতে, "শ্রেয়সের মত তরুণ ক্রিকেটারকে টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য চার-পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে। শুরুটাও দারুণভাবে করেছে, সাবাশ শ্রেয়স।’’
সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপই ছিল রবি শাস্ত্রীর শেষ অ্যাসাইমেন্ট। হেড কোচ হিসেবে ভারতীয় দলে মেয়াদ শেষ হয়েছে রবি শাস্ত্রীর টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড়।
শাস্ত্রী সাত বছর কোচ ছিলেন ভারতীয় দলের। 'দ্রাবিড় শুরুতেই সিরিজ জিতে নিয়েছেন, রোহিত শর্মা অ্যান্ড কোং তিন ম্যাচের টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করেছে।
শাস্ত্রী ও দ্রাবিড়ের প্রসঙ্গে কপিল বলছেন, "দ্রাবিড় ভাল মানুষ। সেরা ক্রিকেটার। সবে তো কাজ শুরু করেছে। এখনই ওর পারফরম্যান্স বিচার করা উচিত নয়। দু-তিন বছর সময় দিন ওকে। কী পারফরম্যান্স করে তার ওপরই নির্ভর করছে। আগে ওকে পারফর্ম করতে দিন। শাস্ত্রী সাত বছর ভারতীয় দলের কোচ ছিল। কম সময় নয়। ও নিশ্চয়ই ভাল জানে । আর কোনও বিতর্ক নয়।"
কবীর খান পরিচালিত '৮৩' ছবিটি তৈরি হয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপে কপিলের ভারতের জয়ের পটভূমিকায়। শুক্রবার অর্থাৎ আজ ছবির একটি টিজার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রণবীর সিং। যাঁকে দেখা যাবে কপিলের ভূমিকায়।
আগামী ২৪ ডিসেম্বর ছবির মুক্তি। ওই সিনেমা নিয়ে কপিলের বক্তব্য আসল ক্যাপ্টেনের মতোই, তিনি জানিয়েছেন, "ওটা আমার ছবি নয়, আমাদের ছবি। আমি আর আমাদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। ১৯৮৩ র বিশ্বকাপ জয়ের ওপর এই ছবি। রণবীর সিং আমার চরিত্রে অভিনয় করছে, তাই সামনে এসেছে, এটা আমার ছবি নয়।"