
শেষ আপডেট: 10 January 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নির্বাচকদের বলে গিয়েছিলেন তিনি মানসিক অবসাদে ভুগছেন, তাই তিনি ছুটি চান। দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই বিশ্রাম নিয়েছিলেন ঈশান কিষান। তারপর খোঁজ নিয়ে জানা গিয়েছে, তিনি দেশে নয়, চলে গিয়েছেন দুবাইয়ে। ধোনিদের একটা পার্টি ছিল আরব মুলুকে। সেখানে অংশ নেন ঈশান।
শুধু তাই নয়, তারপর দেশের প্রতিশ্রুতিমান উইকেটরক্ষক ব্যাটার মুম্বইতে যান কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে। বিগ বি-র অনুষ্ঠানে ঈশানের সঙ্গে ছিলেন ভারতীয় মহিলা দলের নামী তারকা স্মৃতি মান্ধানাও।
আফগানিস্তান সিরিজের প্রথম টি ২০ ম্যাচ ভারতীয় দল খেলতে নামবে বৃহস্পতিবার। ওই ম্যাচে দলে নেই ঈশান ও শ্রেয়স আইয়ারও। নির্বাচকরা আবার শ্রেয়সকে দলে রাখেননি অন্য কারণে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্টের চার ইনিংস মিলিয়ে তাঁর রান ছিল মাত্র ৪১। তিনি আউট হয়েছিলেন ভুল শট নির্বাচনে। সেই কারণে নির্বাচকরা শ্রেয়সকে দেশে ফিরে রঞ্জি ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু তিনি রাজি হননি। তাতেই চটেছেন অজিত আগরকারের নেতৃত্বাধীন বাকি নির্বাচকরা।
সমস্যায় পড়ে এবার শ্রেয়স শুক্রবার থেকে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নামবেন। ঈশান অবশ্য ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলতে নামবেন কিনা, সেটি কিছু জানাননি।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলি একবছর পরে টি ২০ দলে ফিরলেন। তাঁর টি ২০ পারফরম্যান্সও নজরে রাখবেন নির্বাচকরা।