দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির কারণে বেহাল দশা মাঠের। তাই বন্ধ হয়ে গেল ইস্টবেঙ্গল ও টালিগঞ্জ অগ্রগামীর মধ্যে কলকাতা লিগের প্রথম খেলা।
শুক্রবার সকাল থেকেই অঝোড় বৃষ্টি শঙ্কার কালো মেঘ নিয়ে এসেছিল লাল-হলুদ সমর্থকদের মনে। তারপরেও দলে দলে মাঠে এসেছিলেন তাঁরা। নিজেদের মাঠে কলকাতা লিগের প্রথম ম্যাচ দেখার জন্য উপচে পড়েছিল লাল-হলুদ গ্যালারি। পরিস্থিতি মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছিল পুলিশ।
বৃষ্টির মধ্যেই শুরু হয় খেলা। ২ মিনিটের মাথায় টালিগঞ্জের ডিফেন্ডার রিচার্ডের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথম ২৫ মিনিট আধিপত্য ছিল তাদেরই। কিন্তু এর মধ্যেই বৃষ্টির পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় সমস্যায় পড়ছিলেন খেলোয়াড়েরা। বল রিসিভ করতে, পাস দিতে, এমনকী নিজেদের ব্যালান্স পর্যন্ত রাখতে পারছিলেন না খেলোয়াড়েরা।
তার মধ্যেই ৩০ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে গোল করে সমতা ফেরান টালিগঞ্জ অগ্রগামীর স্ট্রাইকার লাগো ডাগবো মিয়েট। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের মধ্যে থেকে রালতের বাঁ পায়ের জোরালো শট দাঁরুণ বাঁচান টালিগঞ্জ গোলকিপার শুভম।
দ্বিতীয়ার্ধে রেফারি ও সব খেলোয়াড়েরা মাঠে নামেন। রেফারি মাঠের বিভিন্ন অংশে গিয়ে দেখতে থাকেন মাঠ খেলার যোগ্য কি না। টালিগঞ্জের কোচ মনোরঞ্জন ভট্টাচার্য্য রেফারিকে অভিযোগ জানান, মাঠ খেলার উপযুক্ত নয়। শেষ পর্যন্ত রেফারি সিদ্ধান্ত নেন এই মাঠে আর খেলা চালানো যাবে না। কারণ যে কোনও মুহূর্তে খেলোয়াড়দের বড় ধরণের চোট লাগতে পারে।
ফলে লিগের প্রথম খেলায় হয়ে গেল পরিত্যক্ত। পরে এই খেলার রিপ্লে হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে আইএফএ।