দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলে এস সি ইস্টবেঙ্গলের খেলা দেখে অন্য সব লাল হলুদ সমর্থকদের মতো হতাশ দলের প্রাক্তন মহাতারকা ব্রাজিলীয় ডগলাস দ্য সিলভা। সুদূর ব্রাজিলের সাও পাওলোর সাও বার্নাদো থেকে ভিডিও কলে তিনি মুন্ডপাত করেছেন এই ইস্টবেঙ্গল দলের কোচ রবি ফাউলারকে।
মঙ্গলবার আইএসএলে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে লাল হলুদ দল এগিয়ে গিয়েও জিততে পারেননি। তার জন্য দলের ব্রিটিশ কোচের কৌশলকে দায়ী করেছেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া নামী প্রাক্তন ডিফেন্ডার ডগলাস। তিনি জানিয়েছেন, ‘‘ফাউলার কী নিজের দলের সীমাবদ্ধতা বোঝেন না? তিনি কী করে দলকে ওপেন অ্যাটাকে খেলাচ্ছেন, যেখানে জানেন তাঁর দলের ডিফেন্সের হাল ভাল নয়!’’
ডগলাস মানেই ইস্টবেঙ্গলের অকৃত্রিম আবেগ। তিনি বরাবরই খোলা মনে কথা বলতে ভালবাসেন। তিনি কলকাতা ময়দানে লাল হলুদ জার্সি পরে যা ম্যাচ খেলে গিয়েছেন, সেই ম্যাচগুলিতে ছিল তাঁর লড়াইয়ের ছবি। সেই কারণেই ইস্টবেঙ্গলের এই ব্যর্থতায় তিনি দগ্ধ হচ্ছেন। ভিডিওতে সেটাই জানিয়েছেন, ‘‘আমি দলকে ভালবাসি, তাই আমার খারাপ লাগছে বেশি। আমার তো মনে হচ্ছে এই দলের খেলায় কোনও পরিকল্পনা নেই। কোচকে এই ব্যর্থতার দায় নিতে হবেই। কারণ তিনি সঙ্গে করে তাঁর পছন্দমতো সাপোর্ট স্টাফদের নিয়ে এসেছেন।’’
ডগলাসের মনে হচ্ছে, তিনিও যদি এই সময় মাঠে নামেন, এই দলের বিদেশী ডিফেন্ডারদের থেকে ভাল খেলবেন। তিনি জানিয়েছেন, গত সাত বছর আগে তিনি ইস্টবেঙ্গলের জন্য একটি ফুটবলারকে পাঠিয়েছিলেন। সেই ফুটবলারটি ভাল খেলতে পারেনি, তারপরে চুক্তি অনুযায়ী অর্থ ফেরত দিয়েছিলেন।
সেই কারণেই ব্রাজিলীয় তারকা বলেছেন, আমার তো মনে হয় এই যে স্কট নেভিলরা খেলছেন, এবং দলকে প্রতি ম্যাচে ডোবাচ্ছেন, তার জন্য এদের চুক্তি অনুযায়ী অর্থ ক্লাবকে ফেরত দেওয়া উচিত। একজন অর্থ কামাবে, আর পারফরম্যান্স করতে পারবে না, তা কী করে হয়? প্রশ্ন তুলেছেন ডগলাস।
চলতি আসরে পাঁচ ম্যাচে দশ গোল হজম করেছে ইস্টবেঙ্গল। দলের ডিফেন্সের হাল রোগাক্রান্ত, ইরশাদ ও শেহনাজের মতো দু’জন অনভিজ্ঞকে সেন্ট্রাল ডিফেন্সে খেলতে হচ্ছে, নেভিল থাকা যা, না থাকার কোনও পার্থক্য চোখে পড়ছে না। নেভিলের জন্যই গত ম্যাচে গোলগুলি করেছেন হায়দরাবাদের স্ট্রাইকাররা। কী করে তিনি অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগের মতো নামী লিগে খেলতেন, সেটিই অবাক করছে বিশেষজ্ঞদের।
ডগলাস এই কারণেই বলেছেন, ‘‘ইস্টবেঙ্গলের ইনভেস্টররা কী আর দেশ খুঁজে পেল না, সেই অস্ট্রেলিয়া থেকে এই সব সাধারণ মানের ফুটবলারদের নিয়ে এল? যদি অর্থ খরচ করে ফুটবলারই আনতে হয়, তা হলে অন্য ফুটবল খেলিয়ে দেশ থেকে আনতে ক্ষতি কী ছিল।’’ কিন্তু কোচ ফাউলারই যে নিজের পছন্দমতো বিদেশীদের নিয়ে এসেছেন, সেটাই আসল কথা।
তিনি ফুটবল জীবনের দ্বারপ্রান্তে পৌঁছানো ‘বয়স্ক’ ফুটবলারদের নিয়ে এসে দলকে ডুবিয়েছেন, সেটাই বলছেন দেশের বাকি প্রাক্তনরাও। তারপর এসে যখন দেখলেন, তাঁরাই দলকে ভোগাচ্ছে, সেইসময় অজুহার খুঁজতে ভারতীয় ফুটবলারদের দোষ দিয়েছেন, এটাই দলের ভিতকে নড়িয়ে দিয়েছে।
এমনকি ইস্টবেঙ্গলের ইংরেজ কোচ ফাউলার ম্যাচ হেরে ফের ভারতীয় ফুটবলারদের নামে জানিয়েছেন, এই ফুটবলাররা নাকি আইএসএলের মানের নয়, কিন্তু তিনি যে ফুটবলারদের জামাই আদর করে নিয়ে এসেছেন, তাঁদের মূল্যায়ণ করবে কে, সেই নিয়ে কিছু বলেননি।