ম্যাচে হার হয়েছে ঠিকই, তবে এতটা পথ পেরিয়ে আসার জন্য এক আবেগঘন বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 August 2025 21:52
দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার ডুরান্ড কাপে খেলেই ইতিহাস গড়েছে ডায়মন্ড হারবার স্ট্রিট এফসি (DHFC)। ডেবিউ সিজনেই ফাইনালে পৌঁছে নজির গড়েছে পশ্চিমবঙ্গের চতুর্থ সর্বাধিক জনপ্রিয় এই ফুটবল ক্লাব। তবে ফাইনালে শিরোপা হাতছাড়া হয় তাদের। দ্বিতীয়বারের জন্য ট্রফি জেতে নর্থইস্ট ইউনাইটেড এফসি (NEUFC)।
ম্যাচে হার হয়েছে ঠিকই, তবে এতটা পথ পেরিয়ে আসার জন্য গর্বে ভরা এক আবেগঘন বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক্স-এ বাংলার সমর্থকদের উদ্দেশে তিনি লিখেছেন, “এই যাত্রা শুধু আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদের ভালবাসা, বিশ্বাস, গ্যালারিতে দাঁড়িয়ে সমর্থনের জন্য। প্রতিটি চিয়ার, হাততালি আমাদের দলকে এগিয়ে দিয়েছে আরও আগে। আপনাদের ভালবাসা, সমর্থন আমাদের এতদূর এগিয়ে আসার পাথেয়। এই সফর যতটা দলের, ঠিক ততটাই আপনাদেরও। এইবার ট্রফি হাতছাড়া হয়েছে ঠিকই, আমাদের দল সর্বশক্তি দিয়ে লড়েছে।”
তিনি নর্থইস্ট ইউনাইটেড এফসিকে শুভকামনা জানিয়ে বলেছেন, “তারা এইবার নিয়ে পরপর দু’বারের জন্য ট্রফি তুলে নিয়েছে নিজের করে, নিজেদের যোগ্যতায়। তবে এটাই শেষ নয়, বরং নতুন শুরু।”
দলের মনোবল বাড়াতে এগিয়ে এসেছেন অভিষেক। তাঁর কথায়, “ডায়মন্ড হারবার-ই একমাত্র ক্লাব, যা এই মরশুমে আইলিগ খেলছে। পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতে জাতীয় মঞ্চে পা রাখবে তারা। আপনাদের শুভকামনা, ভালবাসা, সমর্থন ছাড়া সেটা সম্ভব নয়। এটা আমাদের প্রতিজ্ঞা, আমরা শিখব, উঠব, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমাদের দলের সদস্য, কোচ প্রত্যেককে অনেক ধন্যবাদ বাংলাকে এই সফর উপহার দেওয়ার জন্য।”
Bengal, you made us proud yesterday. 🙌
In our very first Durand Cup, @dhfootballclub fought its way all the way to the finals- something no debut team has ever done before. That journey was only possible because of you , your love, your belief, your voices in the stands. Every…— Abhishek Banerjee (@abhishekaitc) August 24, 2025
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ”আপনারাই আমাদের হৃদস্পন্দন। একসঙ্গে আমরা ইতিহাস লিখব, এই তো সবে শুরু। জয় বাংলা, জয় ডায়মন্ড হারবার।”
উল্লেখ্য, এ মরসুমেই একমাত্র বাংলার প্রতিনিধি হিসেবে আই-লিগে খেলবে ধর্মতলা হাই স্ট্রিট এফসি। ফলে জাতীয় মঞ্চে বাংলা ফুটবলের গৌরব বহন করবে তারা।