
শেষ আপডেট: 6 November 2023 17:58
দ্য ওয়াল ব্যুরো: ইনিংসের ২৫তম ওভারের বল করছিলেন সাকিব আল হাসান। তার ওভারের দ্বিতীয় বলে আউট হন শ্রীলঙ্কার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ৪১ রানে ফিরে যান লঙ্কান এই ব্যাটার।
এরপর উইকেটে নেমে স্ট্রাইক নেওয়ার কথা লঙ্কান মিডল অর্ডার এবং অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু সম্ভবত ভুল হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন ম্যাথুজ। যে কারণে তিনি ঠিকমতো মাথায় হেলমেট পরতে পারছিলেন না। বারবার স্ট্র্যাপ লাগানোর চেষ্টা করছিলেন। ড্রেসিংরুমের দিকে ইশারা করেন, নতুন হেলমেট আনার জন্য। কিন্তু এরইমধ্যে নিয়ম অনুযায়ী ২ মিনিট পার হয়ে যায়। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন জানান, টাইম আউটের।
আম্পায়ারও দেখলেন, সামারাবিক্রমা আউট হওয়ার পর ২ মিনিট পার হয়ে গেছে, কিন্তু নতুন ব্যাটার ম্যাথিউজ ব্যাটিংয়ের জন্য গার্ড নিতে পারেননি। ফলে ক্রিকেটের একটি নিয়মের এই প্রথম প্রয়োগ ঘটল কোনও ম্যাচে। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মারিয়ার ইরাসমাস টাইমড আউটের সিদ্ধান্ত দিয়ে আঙুল তুলে দেন।
এরপর আম্পায়ারের সঙ্গে ম্যাথুজকে দেখা যায় কিছুক্ষণ আলোচনা করতে। হয়তো ওই সময় আম্পায়ার ম্যাথুজকে ক্রিকেটের আইনটি নতুন করে বুঝিয়ে দেন। ম্যাথুজ সাকিব আল হাসানের কাছেও যান কথা বলার জন্য। সাকিব তাঁকে আম্পায়ারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ক্রিকেটের আইনে (এমসিসি’র ওয়েবসাইটে) এ নিয়ম সম্পর্কে লেখা হয়েছে। সেখানে ৪০.১.১ ধারায় বলা হয়েছে, ‘উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। এই আউটকেই টাইমড আউট বলে।
তবে বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা আছে, ৩ মিনিট নয়, ব্যাটারকে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে ২ মিনিটের মধ্যে। হেলমেট বদলাতে গিয়ে ম্যাথুজ ওই সময়ের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে পারেননি। ফলে বাংলাদেশ অধিনায়ক আবেদন মেনে ক্রিকেটের আইন অনুযায়ী আম্পায়ার মারিয়াস ইরাসমাসের আউট দেওয়া ছাড়া উপায় ছিল না।