
শতরান করার পর অভিষেক শর্মা
শেষ আপডেট: 3 February 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ১৫০ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালিয়েছেন। তাঁর ব্যাট থেকে ১৩৫ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে এসেছিল। কিন্তু, আপনারা কি জানেন যে টিম ইন্ডিয়ার ২৪ এই বছর বয়সি ব্যাটার কোটি-কোটি টাকা সম্পত্তির মালিক? আইপিএল এবং বিভিন্ন বিজ্ঞাপনী চুক্তি থেকে তিনি কার্যত টাকার পাহাড় গড়ে তুলেছেন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকেও মোটা অঙ্কের টাকা উপার্জন করেন।
সম্প্রতি অভিষেক শর্মা বিসিসিআই-এর কেন্দ্রীয় বার্ষিক চুক্তি তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। কিন্ত বিসিসিআই যে গাইডলাইন প্রকাশ করেছে, সেটা অনুসারে অভিষেকের নাম গ্রেড সি তালিকায় রয়েছে। এই তালিকায় অন্তর্ভূক্ত ক্রিকেটাররা বছরে ১ কোটি টাকা করে স্যালারি পেয়ে থাকেন। এই ক্রিকেটারদের ৩ টেস্ট ম্য়াচ কিংবা ৬ একদিনের ম্য়াচ খেলতে হবে। নচেৎ ১০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতেই হবে। টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত অভিষেক মোট ১৭ টি-২০ ম্য়াচ খেলেছেন।
আইপিএল টুর্নামেন্ট থেকে অভিষেক শর্মা কোটি কোটি টাকা উপার্জন করেন। এই বছর সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ১৪ কোটি টাকার বিনিময়ে রিটেন করেছে।
এক একটি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলার জন্য বিসিসিআই প্রত্যেক ক্রিকেটারকে ৩ লাখ টাকা ফি দেয়। সেকারণে অভিষেকও একটি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলার জন্য ৩ লাখ টাকা পেয়ে থাকেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচে অভিষেক শর্মা বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছেন। তিনি ৫৪ বলে ১৩ ছক্কা এবং ৭ চার হাঁকিয়ে ১৩৫ রান করেছেন। ইতিমধ্যে ৩৭ বলে শতরান হাঁকিয়ে বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে নজির কায়েম করেছেন। এর পাশাপাশি টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার হিসেবেও নিজের নাম নথিভূক্ত করেছেন তিনি। অন্যদিকে, একটি টি-২০ ম্য়াচে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় অভিষেক ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন। তিনি রোহিত শর্মার ১০ ছক্কার রেকর্ড হেলায় ভেঙে দিয়েছেন।