
শেষ আপডেট: 4 August 2022 10:04
দ্য ওয়াল ব্যুরো: সঙ্গী কিংবা নিজের জন্মদিন, বাড়িতে কোনও অনুষ্ঠান, অসুস্থতা, ঘুরতে যাওয়া- কত কিছুর জন্যই তো ছুটির আবেদন করে মানুষ। কিন্তু সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttarpradesh)এক ব্যক্তি এমন এক কারণে ছুটি চাইলেন, যা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো বটেই, হতবাক নেটিজেনরাও। কোনও মামুলি কারণ নয়, বৌয়ের সঙ্গে ঝগড়া (Fight with Wife) মেটানোর জন্য ছুটির দরখাস্ত (Leave application) করে বসেছেন ওই ব্যক্তি!
কানপুরের বাসিন্দা শামসাদ আহমেহ পেশায় একজন কেরানি (Clerk)। ক'দিন আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছিল তাঁর। তারপরেই গোঁসা করে বাপের বাড়ি চলে যান স্ত্রী। একা নয়, সঙ্গে করে নিয়ে গেছেন তাঁদের মেয়ে এবং দুই নাতি নাতনিকেও। এতেই ফাঁপরে পড়েছেন শামসাদ। মান ভাঙিয়ে বৌকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে গেলে ছুটি নেওয়া ছাড়া আর উপায়ই বা কী?
২০ বছর আগে হারানো মাকে ফেসবুকের মাধ্যমে খুঁজে পেল মেয়ে, পাকিস্তান থেকে ভারতে ফেরার অপেক্ষা
অগত্যা ৪ থেকে ৮ অগস্ট পর্যন্ত ছুটি চেয়ে দরখাস্ত করেছেন তিনি। আবেদন পত্রে স্পষ্টই লিখেছেন, 'পেয়ার-মোহাব্বত' অর্থাৎ কিনা প্রেম-প্রীতিই স্ত্রীর সঙ্গে তাঁর মনকষাকষির কারণ। জানা গেছে, ছুটি চাওয়ার কারণ দেখে অবাক হলেও তাঁর আবেদন মঞ্জুর করেছেন কতৃপক্ষ।
ইতিমধ্যেই শামসাদের আবেদনপত্রের ছবি ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। টুইটারে একজন লিখেছেন , 'উত্তরপ্রদেশের ব্যাপারই আলাদা!'
আর এক নেটিজেন জানিয়েছেন, শামসাদের সহকর্মীরা এই নিয়ে হাসাহাসি করলেও তাঁর দাবি, যা সত্যি সেটাই তিনি চিঠিতে লিখেছেন।