
সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ - নিজস্ব চিত্র
শেষ আপডেট: 1 June 2024 09:49
দ্য ওয়াল ব্যুরো: সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটল। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয় ১৫৩, ১৫৪, ১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে চরম উত্তেজনা ছড়ায়। সৃজনকে উদ্দেশ্য করে 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হয়।
সিপিএম-এর অভিযোগ, ১৫৩, ১৫৪, ১৫৫ ও ১৫৬ নম্বর বুথের মধ্যে দুটি বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে এলে যাদবপুরের বাম প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। সৃজনের অভিযোগ ছিল, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত ছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশি হস্তক্ষেপে কোনও রকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন।
এদিকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের পাল্টা দাবি, শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে তাঁদের এলাকায়। কিন্তু সিপিএম প্রার্থী সৃজন এসে উত্তেজনা তৈরির চেষ্টা করেছেন। সেই কারণেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।সৃজনকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগানও দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনী এসে জমায়েত সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকৃষ্ণ রামপুরের ২৭১ নম্বর বুথের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভুয়ো এজেন্ট বসে আছেন এমন খবর পেয়েই তাঁকে বুথ থেকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। এরপরই বুথের বাইরে সেই এজেন্টের সঙ্গে কার্যত হাতাহাতি হয় সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানের। এলাকায় জমায়েত তৈরি হলে সেই ব্যক্তি মুখ লুকিয়ে পালান।