
তৃণমূল প্রার্থী দেব
শেষ আপডেট: 2 May 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: যতগুলো ভোট পাবেন, ততগুলো গাছ লাগাবেন। মনোনয়ন দিতে এসে বললেন দেব। প্রখর দাবদাহে পুড়ছে বাংলা। বৃষ্টির জন্য হাহাকার। সেই পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃতি বাঁচানোর সংকল্প করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। মনোনয়ন দিতে এসে জানিয়ে দিলেন, যতগুলি ভোট পাবেন প্রকৃতি বাঁচাতে ততগুলি গাছ লাগাবেন। সব গাছকে হয়তো বাঁচানো যাবে না। তবুও যতগুলো গাছ বাঁচবে তাতেই পৃথিবী আবার সবুজ হবে (Lok Sabha Election 2024)।
এদিন মনোনয়ন দেওয়ার আগে রক্তদান করলেন দেব। বললেন, "মানুষ নমিনেশন দিতে আসার আগে মন্দিরে যান, মসজিদে যান আর বর্তমান সময়ে এই প্রচণ্ড দাবদাহে রক্তের প্রয়োজন। তাই রক্তদানের মাধ্যমে আমি নমিনেশন করতে এসেছি।" (Lok Sabha Election 2024 )
বৃহস্পতিবার মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে কর্মী সমর্থকদেরকে নিয়ে মিছিল করে হুড খোলা গাড়িতে চেপে মনোনয়ন জমা দেন তিনি। নীল সাদা বেলুনে সাজানো রীতিমতো বর্ণাঢ্য ছিল সেই মিছিল। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণের প্রসঙ্গ উঠতেই তাঁকে শুভেচ্ছা জানালেন দেব। পরক্ষণেই অবশ্য কটাক্ষ করলেন। (Lok Sabha Election 2024)
দেব বললেন, "ও ভালো ছেলে। ভোটে দাঁড়িয়েছে, জিততে চায়। ওর জন্য অনেক শুভেচ্ছা রইল।" তারপরেই কটাক্ষ করে বললেন, "হিরণ অনেক জ্ঞানীগুণী মানুষ। ওকে কোনও বার্তা দিতে হবে না। ও সবজান্তা। ঠাকুরের কাছে প্রার্থনা করব ওকে একটু সৎ বুদ্ধি দিন। উনি যে অনেক অশান্তির মধ্যে আছেন ওঁর বক্তব্যেই তা পরিষ্কার। ওঁর সত্যিকারের ভালোবাসার মানুষের প্রয়োজন।"(Lok Sabha Election 2024)