
অশান্ত মুর্শিদাবাদ।
শেষ আপডেট: 7 May 2024 08:08
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেছে সকাল ৭টা থেকে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোটগ্রহণ চলছে। ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৩৩১ কোম্পানি কিআরটি মোতায়েন করে ভোট চলছে। কিন্তু ভোট শুরু হতেই তেতে উঠেছে মুর্শিদাবাদ। বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে নানা প্রান্ত থেকে। ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত ডোমকল। সেখানে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ।
ডোমকলে কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রায়পুরগ্ৰাম পঞ্চায়েতের কুপিলা গ্ৰামে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। যদিও ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলেই দাবি শাসকদলের।
অন্যদিকে ভোটের সকাল থেকেই অশান্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া। ধরমপুর অঞ্চল কংগ্রেস সভাপতি মোকাইল হোসেনের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। কংগ্রেসের অভিযোগ ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিহরপাড়া থানার পুলিশ বাহিনী।
ভোট ঘোষণার পর থেকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় গন্ডগোল হয়েছে। সেই সমস্ত এলাকায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়াই হয়েছিল। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা নিয়ে বাড়তি নজরদারিও রয়েছে কমিশনের। তবে তার পরেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে।
অন্যদিকে ভোটের সকাল থেকেই অশান্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া। কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। কংগ্রেসের অভিযোগ ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিহরপাড়া থানার পুলিশ বাহিনী।
ডোমকলের ২৫৪, ২৫৫ নম্বর বুথে সিপিএম এজেন্ট সারজেস আলি ও মোজাম্মেল শেখকে মারধরের অভিযোগ উঠেছে। সারজেস আলির মোটরবাইক ভাঙচুরের করা হয়েছে বলেও অভিযোগ। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের কালী মন্দির এলাকায় ১৮ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের ঘটনা ঘটেছে। অন্যদিকে ভোট শুরু হতেই জলঙ্গির টিকরবাড়িয়া এলাকায় ইভিএম বিকলের অভিযোগ উঠেছে। যার জেরে ভোটগ্রহণ বন্ধ।