
চতুর্থ দফা নির্বাচনে চূড়ান্ত ভোটদানের হার
শেষ আপডেট: 14 May 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো: প্রথম তিন দফার মতো চতুর্থ দফাতেও বাংলায় মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার, ভোটের দিন জানা গেছিল রাজ্যের আট কেন্দ্র মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ। মঙ্গলবার চতুর্থ দফার ভোটের চূড়ান্ত ভোট শতাংশের তথ্য দিল কমিশন। বাংলায় ভোট পড়েছে ৮০ শতাংশের কিছু বেশি।
সোমবার মোট আটটি লোকসভা আসনে ভোট হয়েছে বাংলায়। সেই আট আসন হল, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম। কোন কেন্দ্রে কত ভোট পড়েছে তার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত ভোট পড়ল।
বহরমপুর - ৭৭.৫৪ শতাংশ
কৃষ্ণনগর - ৮০.৬৫ শতাংশ
রানাঘাট - ৮১.৮৭ শতাংশ
বর্ধমান পূর্ব - ৮২.৮৫ শতাংশ
বর্ধমান-দুর্গাপুর - ৮০.৭২ শতাংশ
আসানসোল - ৭৩.২৭ শতাংশ
বোলপুর - ৮২.৬৬ শতাংশ
বীরভূম - ৮১.৯১ শতাংশ
কমিশনের তথ্য অনুযায়ী, সবথেকে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। এবং ভোটদানের হার সবচেয়ে কম আসানসোলে। রাজ্যে চতুর্থ দফায় গড়ে ভোট পড়েছে ৮০.২২ শতাংশ।
গত লোকসভা ভোটে বহরমপুরে মোট ভোটারের ৭৯.৪১ শতাংশ ভোট দিয়েছিলেন। কৃষ্ণনগরে ভোটার টার্ন আউট ছিল ৮৩.৭৫ শতাংশ। বর্ধমান পূর্বে গতবার ৮৪.৭৮ শতাংশ ভোট পড়েছিল, বর্ধমান দুর্গাপুরে ভোট পড়েছিল ৮২.৬৭ শতাংশ। গত বার আসানসোলে ভোট পড়েছিল ৭৬.৬২ শতাংশ। আর বোলপুর ও বীরভূমে ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছিল। এবারের লোকসভা ভোটে বেশিরভাগ কেন্দ্রেই ভোটদানের হার আগের তুলনায় কম।
ভোট শতাংশে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে পশ্চিমবঙ্গই। চতুর্থ দফায় দেশে গড়ে ভোট পড়েছে ৬৭.২৫ শতাংশ। বাংলার পর সবথেকে বেশি ভোট পড়েছে অন্ধ্রপ্রদেশে, ৭৬.৫০ শতাংশ। তারপর রয়েছে ওড়িশা, ৭৩.৯৭ শতাংশ। মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭০.৭৮ শতাংশ।