
দিলীপ ঘোষ - ফাইল চিত্র
শেষ আপডেট: 24 March 2024 23:43
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর লোকসভা আসন থেকে দিলীপ ঘোষকে যে আর প্রার্থী করা হবে না সেই দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হলও তাই। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে মেদিনীপুর লোকসভার পরিবর্তে এবার বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করলেন মোদী-শাহ।
পরিবর্তে মেদিনীপুরে চমক দিল বিজেপি। মেদিনীপুরে প্রার্থী করা হল রাজ্য বিজেপির মহিলা সংগঠনের সভানেত্রী অগ্নিমিত্রা পলকে। অগ্নিমিত্রা আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে বিধায়ক। তাঁকে পশ্চিম বর্ধমান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল মেদিনীপুরে।
মেদিনীপুর লোকসভা আসনে বিজেপি পুনরায় দিলীপ ঘোষকে প্রার্থী করবে কিনা, সেই আন্দাজ বাংলায় শাসক দলের ছিল কিনা স্পষ্ট নয়। তবে স্থানীয় কোনও যুৎসই মুখ না পেয়ে মেদিনীপুরে তণমূল প্রার্থী করেছে স্থানীয় বিধায়ক জুন মালিয়াকে। অর্থাৎ এই লোকসভা ভোটে মেদিনীপুরে দ্বৈরথের দুই মুখ এতদিনে স্পষ্ট হয়ে গেল। জুন মালিয়া বনাম অগ্নিমিত্রা পল। দুজনেই এখন বিধায়ক। তবে এটা ঠিক যে অগ্নিমিত্রা অনেক বেশি আগ্রাসী। এবং তুলনায় অনেক বেশি রাস্তায় নেমে রাজনীতি করেছেন গত তিন বছরে।
লোকসভা ভোটের জন্য বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল গত ২ মার্চ। সেই তালিকায় দিলীপের নাম ছিল না। তখনই স্পষ্ট হয়ে যায় যে দিলীপের আসন বদল হতে পারে। কারণ বর্তমান সাংসদদের মধ্যে যাঁদের আসন পরিবর্তন করা হয়নি তাঁদের নাম প্রথম তালিকাতেই ঘোষণা করা হয়েছিল।
বিজেপির এই আসন অদলবদল নিয়ে এদিন তৃণমূল খোঁচা দিতে ছাড়েনি। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি কাকে কোথায় প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার। তবে এটা বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দিলেন। বর্ধমান দুর্গাপুর আসনে গত ভোটে জিতেছিল বিজেপি। সেখানে বর্তমানে সাংসদ হলেন সুরেন্দ্র সিংহ আহলুওয়ালিয়া। তাঁকে এবার আর প্রার্থী করা হল না। সেই আসনেই প্রার্থী হলেন দিলীপ।