
কঙ্গনা রানাউত এবং বিক্রমাদিত্য সিং
শেষ আপডেট: 15 April 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা আসনের জন্য অবশেষে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। সেখানে বিজেপির প্রার্থী বলিউড নায়িকা কঙ্গনা রানাউত। ফলে মাণ্ডি এবার গোটা দেশে আলোচ্য। হাত শিবিরের প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। শনিবার দুপুরে রাজ্য কংগ্রেসের সভানেত্রী প্রতিভা সিং ঘোষণা করেছেন তাঁরা মন্ত্রী তথা দলের যুব নেতা বিক্রমাদিত্য সিংয়ের নাম হাইকমান্ডকে পাঠিয়েছেন। বিক্রমাদিত্য প্রতিভার একমাত্র সন্তান।
প্রসঙ্গত, প্রতিভাই মাণ্ডির বর্তমান সাংসদ। আর নির্বাচনে লড়াই করবেন না, আগেই জানিয়েছিলেন রাজ্যের ছয়বারের মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা। গত বছর নভেম্বরে হিমাচলে কংগ্রেস ক্ষমতায় ফেরার পর মুখ্যমন্ত্রী হতে চেয়ে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন প্রতিভা। যদিও সেবার ভালোয় ভালোয় বিবাদ মিটে যায়। কংগ্রেস হাইকমান্ড সুখবিন্দর সিং সুখুকে বেছে নেয়।
তিন মাসের মাথায় প্রতিভার পুত্র মন্ত্রী বিক্রমাদিত্যকে সামনে রেখে সুখুর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন বেশ কয়েকজন বিধায়ক। বিজেপিও কংগ্রেসকে ভাঙিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করে। সেই পর্বও সামলে নিয়েছে কংগ্রেস। বিক্রমাদিত্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও তা গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। কংগ্রেস সূত্রের খবর, ঘরের অশান্তি দূর করতে মাণ্ডি আসনের প্রার্থী নিয়ে প্রতিভার প্রস্তাবে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রীও। ধরেই নেওয়া হচ্ছে কংগ্রেস হাইকমান্ড বিক্রমাদিত্যের নামেই সিলমোহর দেবে।
কঙ্গনা বিজেপিতে যোগ দিয়েই মাণ্ডি লোকসভার টিকিট পেয়ে যাওয়ায় ওই আসনটি গোটা দেশের চর্চায় চলে আসে। বিজেপি আসনটি দখল করার লক্ষ্যে কঙ্গনাকে টিকিট দিয়েছে। গোটা পদ্ম শিবির সেখানে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। তবে বিক্রমাদিত্য প্রার্থী হওয়ায় কঙ্গনার লড়াই কঠিন হয়ে পড়ল তাতে কোনও সন্দেহ নেই। মাণ্ডিতে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। সেই কথা মনে করিয়ে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিক্রমাদিত্যের মা প্রতিভা শনিবার বলেছেন, বিজেপির প্রার্থী কে সেটা মাণ্ডির মানুষের কাছে বিচার্য হবে না। ওই এলাকা কংগ্রেসের।