
শেষ আপডেট: 5 December 2020 18:30
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ওই সময় কোনও বাইরের পর্যটকও আসতে পারবেন না। ৭ জানুয়ারির আগে পর্যন্ত গোটা ইতালিতে কার্ফু চলবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। সন্ধে ছটা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। খাবার প্যাক করে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে শুধু।
জুনিয়ার হেলথ মিনিস্টার সান্দ্রা জাম্পার মতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার কারণ এই যে তাঁরা আশঙ্কা করছেন ক্রিসমাসের সময় সংক্রমণ আরও বাড়তে পারে। দেশবাসীদের বাড়িতে থেকেই উদযাপন করতে বলছেন তিনি। তবে বাইরের কোনও বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনকে এই সময় বাড়িতে আসতে না দেওয়াই ভাল। যদি কেউ কারো বাড়িতে যান, তাহলে রাত ৮.৩০এর মধ্যে ফিরে আসতে হবে। কারণ রাত দশটার পর বন্ধ থাকবে গোটা দেশ।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে জানিয়েছেন, "জানুয়ারিতেই কোভিড ১৯-এর তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ইতালিতে। দ্বিতীয়বারের মতোই সচেতন থাকা উচিত এই সময়।" ক্রিসমাস ডে, বক্সিং ডে, আর নতুন বছরের শুরুর দিন অর্থাৎ পয়লা জানুয়ারি কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না। শুধুমাত্র এমার্জেন্সি কাজ, ওয়ার্ক ট্রাভেল, এবং স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।
গত বুধবার ইতালিতে করোনায় সর্বাধিক মৃত্যুর পরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রক। যদিও এই সিদ্ধান্তের পর অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। উৎসবের দিনগুলোতে এমনভাবে কাটাতে হবে জেনে খানিকটা দুঃখপ্রকাশও করেছেন আপামর দেশবাসী।