
শেষ আপডেট: 17 April 2023 10:29
দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরমে কষ্ট পাচ্ছে আপনার ছোট্ট সোনা? সারা গায়ে চুলকানি, লাল ঘামাচিতে (Heat Rash) ভরে গেছে? এই সমস্যা কিন্তু শুধু মাত্র বাচ্চাদেরই নয়। বড়রাও একেবারে জেরবার প্যাঁচপেচে ঘামের দাপটে (Heatwave)। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে গরম কিংবা ঘামকে উপেক্ষা করা সম্ভব নয়। তবে ঘাম জমে যাতে গুরুতর শারীরিক সমস্যা দেখা না দেয়, তার জন্য বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত প্রত্যেকেরই (Child Care)। কারণ ঘাম জমে সর্দিকাশি থেকে শুরু করে স্কিনের সমস্যাও দেখা দিতে পারে।

তাপ বাড়লে অনেক সময়েই লাল র্যাশ (Heat Rash) দেখা যায় শিশুদের শরীরে। বিশেষ করে কাঁধ, পিঠ, গলায়। প্রচণ্ড গরমে স্কিন অ্যালার্জি হয় ছোট বাচ্চাদেরও।
ওষুধপত্র বা পোকামাকড়ের কামড় থেকেও এই সমস্যা হয়। ত্বকের জায়গায় জায়গায় ফুলে ওঠে, প্রচণ্ড চুলকায়। আরটিকেরিয়ায় ত্বকে প্রদাহ হয়, ত্বক লাল হয়ে ফুলে যায়। একে ডাক্তারি ভাষায় বলে আরটিকেরিয়া হা হাইভস।
গরমে সারা গায়ে ঘামাচি বা ইরাপশন হতে পারে। ত্বকের নানা জায়গায়, হাতে-পিঠে লাল প্যাচের মতো তৈরি হতে পারে। সেই জায়গায় চুলকাবে, ফুলে উঠে র্যাশ বা ছোট ছোট ফুসকুড়ি বেরিয়ে যাবে।

গরম থেকে শরীরে বড় বড় ফোঁড়াও হতে পারে। এরও উৎস সেই ঘাম।
বাচ্চাদের হাল্কা সুতির পোশাক পরান। অ্যালার্জির ধাত থাকলে বাইরে বেরনোর সময় মাস্ক অবশ্যই পরাতে হবে।
রাস্তার কোনও খাবার খাওয়াবেন না, যেমন রাস্তায় বানানো রোল-চাউমিন, শরবত, আইসক্রিম, লস্যি-কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যালার্জির সমস্যা বাড়িয়ে তোলে।
বাড়িতে বানানো কম তেলে রান্না করা খাবারই খাওয়াতে হবে বাচ্চাদের। বেশি করে সব্জি, ফল, দানাশস্য খাওয়াতে হবে। বাড়িতেই বানিয়ে দিন শরবত, ফলের রস। টক দই শরীর ঠান্ডা রাখবে। তাতেও অন্যের থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কাও কমবে।

বারবার স্নান না করালেও অবশ্যই ভাল ভাবে ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে গা মুছিয়ে দিন শিশুদের। দিনে একবার খুব ভাল ভাবে স্নান করান।
জামাকাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন পরাতে হবে। বিছানার চাদর, বালিশ যেন পরিষ্কার থাকে।
ঘাম জমলে তা থেকে রেহাই পেতে, অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন। এই পাউডার অন্য পাউডারের সঙ্গে মিশিয়ে নিয়ে লাগানো যেতে পারে।
রোদ থেকে বাড়িতে এসে, জামাকাপড় ছাড়িয়ে বাচ্চাকে স্নান করান বা ঠান্ডা জলে গা স্পঞ্জ করিয়ে দিন। কোনওভাবেই ঘাম বসতে দেওয়া যাবে না।
ঘন ঘন ত্বকে ফুসকুড়ি, চুলকানি হলে বা হাঁচি-কাশি-জ্বর হলে ডাক্তার দেখিয়ে নিতে হবে।
নিজে থেকে ডাক্তারি করে কোনও লোশন লাগাবেন না। স্টেরয়েড জাতীয় লোশন লাগানোর আগে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।