৩০০ কর্মী ছাঁটাইয়ের পর বিশ্বজুড়ে বিতর্ক। তার মধ্যেই বড় সিদ্ধান্ত দ্য ওয়াশিংটন পোস্টে—ইস্তফা সিইও উইল লুইসের।

উইল লুইস
শেষ আপডেট: 8 February 2026 10:53
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’–এ (Washington Post) কর্মরত প্রায় ৩০০ জন সাংবাদিক ও কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘিরে বিশ্বজুড়ে তীব্র আলোচনার ঝড় উঠেছিল। সেই বিতর্কের মধ্যেই এ বার বড় সিদ্ধান্ত নিলেন সংস্থার পাবলিশার ও সিইও উইল লুইস (Washington Post CEO resignation)। শনিবার তিনি নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। লক্ষণীয় ভাবে, গণছাঁটাইয়ের ঠিক তিন দিনের মাথাতেই এই সিদ্ধান্ত জানালেন তিনি।
ইস্তফার কারণ ব্যাখ্যা করে সংস্থার কর্মীদের উদ্দেশে দু’পাতার একটি ই-মেল পাঠিয়েছেন উইল লুইস। আপাতত তাঁর জায়গায় অস্থায়ী ভাবে ওয়াশিংটন পোস্টের পাবলিশারের দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার চিফ ফাইনানসিয়াল অফিসার জেফ ডি’অনোফ্রিও-কে।
আর্থিক চাপের মুখে পড়ে ইতিমধ্যেই একাধিক কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে ওয়াশিংটন পোস্টকে। ক্রীড়া বিভাগ বন্ধ করার পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যুরো গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস–এর মালিকানাধীন এই সংবাদমাধ্যমে ৩০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা গোটা আন্তর্জাতিক সংবাদ জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেই আবহেই সামনে এল লুইসের পদত্যাগের খবর।
ইস্তফাপত্রে উইল লুইস লিখেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে সংস্থার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁর কথায়, “এই সিদ্ধান্তগুলির উদ্দেশ্য একটাই—যাতে দ্য ওয়াশিংটন পোস্ট আগামী বহু বছর ধরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের কাছে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ তুলে ধরতে পারে।”
চিঠিতে সংস্থার মালিক জেফ বেজোসের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। লুইসের বক্তব্য, “এই প্রতিষ্ঠানের জন্য এর চেয়ে ভালো মালিক আর কেউ হতে পারতেন না।”
উল্লেখযোগ্য ভাবে, ওয়াশিংটন পোস্টে যোগ দেওয়ার আগে উইল লুইস দীর্ঘ দিন ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’–এর উচ্চপদে কর্মরত ছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে তিনি ওয়াশিংটন পোস্টে যোগ দেন, এমন এক সময়ে যখন সংস্থাটি তীব্র আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাঁর নেতৃত্ব ঘিরে তখন থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।
প্রসঙ্গত, সাম্প্রতিক ছাঁটাইয়ের তালিকায় ছিলেন কংগ্রেস নেতা শশী তারুর–এর পুত্র, সাংবাদিক ঈশান থারুর-ও।