গত সপ্তাহে সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়েছিল, যার সময়সীমা বুধবার মধ্যরাতেই শেষ হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 September 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: নেপালে রেজিস্ট্রেশন ছাড়াই চলা ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (social media platform without registration) নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ওই দেশের সরকার (Social media banned in Nepal)।
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পৃথিবী সুব্বা গুরুঙের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রকীয় আধিকারিক, নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি, টেলিকম অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা উপস্থিত ছিলেন।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্ট্রেশন ছাড়া প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে বন্ধ করা হবে। গত সপ্তাহে সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়েছিল, যার সময়সীমা বুধবার মধ্যরাতেই শেষ হয়েছে।
যদিও ভাইবার, টিকটক, উইটক ও নিম্বাজ রেজিস্ট্রেশন করেছে এবং টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরি প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, রেডডিট, ডিসকর্ড, পিন্টারেস্ট সহ বহু জনপ্রিয় প্ল্যাটফর্ম এখনও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেনি।
সরকার জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। নেপালের সুপ্রিম কোর্ট প্রায় পাঁচ বছর আগে দায়ের হওয়া মামলায় নির্দেশ দিয়েছিল, রেজিস্ট্রেশনহীন প্ল্যাটফর্মে বিদেশি বিজ্ঞাপন ও কনটেন্ট সম্প্রচার নিয়ন্ত্রণে আনতে হবে। আদালতের সাম্প্রতিক রায়ে তা কার্যকর করতে বাধ্য হল সরকার।
মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করবে, তাদের আবার চালু করার অনুমতি দেওয়া হবে। তবে রেজিস্ট্রেশন ছাড়া একটিও প্ল্যাটফর্ম নেপালে চালানো যাবে না।
মন্ত্রী গুরুঙ জানিয়েছেন, মেটা (ফেসবুকের মূল সংস্থা)-কে একাধিকবার আইন মানার অনুরোধ জানানো হলেও তারা জানিয়েছে, নেপালের সংবিধান ও আইনের সঙ্গে তারা এখনও মানিয়ে নিতে প্রস্তুত নয়। ফলে এই সিদ্ধান্তের জেরে নেপালে চলছে না ফেসবুক এবং আরও কিছু সোশ্যাল মিডিয়া।