
শেষ আপডেট: 18 December 2023 14:40
দ্য ওয়াল ব্যুরো: করোনার দাপটের জেরে ইতিমধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্বজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন আবহে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ভারতে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, চারজনের মৃত্যুই হয়েছে কেরলে। অপরজনের বাড়ি উত্তরপ্রদেশে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৩৫ জন রোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ১ হাজার ৭০১।
মন্ত্রক সূত্রের খবর, মৃতদের শরীরে কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.১ এর সংক্রমণ পাওয়া গিয়েছে। যার জেরে নতুন করে উদ্বেগ বাড়ছে সব মহলে। কড়া সতর্কতার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। হুয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।
শুধু ভারত নয়, বিশ্বজুড়েই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট। ইতিমধ্যে সিঙ্গাপুরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলিতে বেড নেই। তথৈবচ হাল আইসিসিইউতেও। সংক্রমণ ঠেকাতে তাই ফের মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক।
বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা এবং কোভিডের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক। সিঙ্গাপুরের দেখানো পথে হেঁটে মাস্ক বাধ্যতামূলক করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিমানবন্দরেও।
একই সঙ্গে করোনা মোকাবিলায় আগের মতো দূরত্ববিধি মেনে চলা, বারবার হাত স্যানিটাইজ করার আবেদন জানানো হয়েছে ইন্দোনেশিয়া সরকারের তরফে। নতুন করে কারও করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে সরকার।
কোভিডের ভয়াবহ সময় অতিক্রম করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব। ফের নতুন করে করোনা ভাইরাস চোখ রাঙাতে শুরু করায় উদ্বেগ তৈরি হয়েছে সর্বত্র। সংক্রমণ ঘিরে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন, উদ্বেগ না করে কোভিড সতর্কতা অবলম্বন করুন।