
শেষ আপডেট: 7 December 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের চত্বরে বসে পড়াশোনা করছিলেন পড়ুয়ারা। ক্লাস শুরু হতে দেরি আছে। অনেককেই দেখা গিয়েছিল গ্রুপ স্টাডি করতে। আচমকাই গুলি চালানোর বিকট শব্দ আর আর্তনাদে গোটা ছবিটাই বদলে যায়। দেখা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়চ্ছেন পড়ুয়ারা। আর পেছনে গুলি চালাতে চালাতে ছুটে যাচ্ছে এক বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিতে একের পর এক পড়ুয়া ধরাশায়ী হচ্ছে। যন্ত্রণায় আর্তনাদ করছে কেউ। বিশ্ববিদ্যালয় চত্বর ভেসে যাচ্ছে রক্তে।
মার্কিন মুলুকে ক্রমশ বেড়েই চলেছে বন্দুকবাজের হামলা। এবার বিশ্ববিদ্যালয়েও হানা দিল আততায়ী। লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন তিন পড়ুয়া। পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, এখনও অবধি তিনজনের দেহ উদ্ধার হয়েছে। জখম হয়েছেন অনেকে। জখমদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
লাস ভেগাস পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ওই বন্দুকবাজ। পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চলে। পড়ুয়ারা বলছেন, কম করেও ৭-৮টি গুলি চলে। অনেকে আহত হন। ক্যাম্পাসের হলে ঢুকেও গুলি চালাচ্ছিল আততায়ী।
URGENT: From Sheriff Kevin McMahill: "No more threat to the community. The suspect is deceased. Right now, we know there are 3 victims, but unknown extent of the injuries. That number could change. We will update you when we know more." https://t.co/Y3jT9VcNFz
— LVMPD (@LVMPD) December 6, 2023
লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশের আধিকারিক কেভিন ম্যাকহিল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি চলার খবর পেয়েই তাঁরা বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় আততায়ীর সঙ্গে গুলির লড়াই। বন্দুকবাজেরও নাকি প্রাণ গেছে বলে খবর। পুলিশের দাবি, ওই আততায়ী নিজেকেই গুলি করে আত্মঘাতী হয়েছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পড়ুয়াদের ফিরে যেতে বলা হয়েছে। পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
হোয়াইট হাউসের তরফেও জানানো হয়েছে, লাস ভেগাসের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। কেন এমন কাণ্ড ঘটাল তা তদন্ত করে দেখা হচ্ছে।