গবেষণায় দেখা গিয়েছে, দীপাবলির ঠিক পরবর্তী দিনগুলোতে মাথাব্যথা, অ্যাংজাইটি, ক্লান্তি ও শরীরে অক্সিজেনের ঘাটতির মতো উপসর্গ বাড়ে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 October 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই দীপাবলি (Diwali)। আলোর উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। আতশবাজির চোখ-ধাঁধানো আলোয় আলোকিত হয়ে উঠবে দীপাবলির রাত। সেই রেশ মিলিয়ে যাওয়ার পরই যে অদৃশ্য পর্দা শহরের আকাশে ঝুলে থাকে, সেটাই চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের (doctors warning after diwali weather)।
পোস্ট-দীপাবলি স্মগ (post-Diwali smog) নিয়ে বারবার সতর্ক করছেন চিকিৎসকরা। আতশবাজির ঘন ধোঁয়া দীপাবলির কয়েক দিন পরেও বাতাসে ভেসে থাকে (Diwali pollution)। বেশিরভাগ মানুষই ধরে নেন কয়েক দিন কাশি, চোখ জ্বালা, গলা খুসখুসানির মধ্যেই পার পাওয়া যাবে। কিন্তু চিকিৎসকরা সাবধান করছেন বিষয়টা এত সহজ নয়। এই উৎসব-পরবর্তী দূষণ ফুসফুসের বাইরেও শরীরের নানা অঙ্গকে প্রভাবিত করে (post-Diwali pollution effect on health)।
বিশেষজ্ঞদের মতে, দীপাবলির পর তৈরি হওয়া এই ধোঁয়া এক বিপজ্জনক মিশ্রণ - যার মধ্যে থাকে সূক্ষ্ম ধূলিকণা (PM2.5 ও PM10), ভারী ধাতু ও বিষাক্ত গ্যাস। এগুলি শ্বাসযন্ত্রের গণ্ডি পেরিয়ে রক্তেও মিশে যায়। এই দূষণ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে, ঘুমের মান নষ্ট করে, ত্বকের অ্যালার্জির সম্ভাবনা বাড়ায়। শুধু তাই নয়, মানসিক স্বাস্থ্যের উপরও এর প্রভাব বিস্তার করে।
গবেষণায় দেখা গিয়েছে, দীপাবলির ঠিক পরবর্তী দিনগুলোতে মাথাব্যথা, অ্যাংজাইটি, ক্লান্তি ও শরীরে অক্সিজেনের ঘাটতির মতো উপসর্গ বাড়ে। যাঁদের ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা হৃদ্রোগের সমস্যা আছে, তাঁদের জন্য এই সময়টা বিশেষভাবে বিপজ্জনক।
চিকিৎসকরা সতর্ক করছেন, দূষণ ত্বকের মাধ্যমেও শরীরে প্রবেশ করে। ত্বক বিশেষজ্ঞদের দাবি, দীপাবলির পর হঠাৎই ত্বকের র্যাশ, ব্রন ও ত্বক নিস্তেজ হয়ে পড়ার সমস্যা বেড়ে যায়। ধোঁয়া ত্বকের রোমকূপের ছিদ্র বন্ধ করে দিয়ে টক্সিন আটকে রাখে শরীরে। চোখের চিকিৎসকরাও জানাচ্ছেন, এই সময় চোখ লাল হওয়া, চুলকানি ও শুষ্কতার মতো সমস্যা বেড়ে যায়।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
ডাক্তারদের পরামর্শ, উৎসবের আনন্দ যেমন থাকবে, তেমনই সচেতনতাও জরুরি।
মাস্ক পরুন: বাইরে বেরোলে N95 বা অ্যান্টি-পলিউশন মাস্ক ব্যবহার করুন।
ইমিউনিটি বাড়ান: সাইট্রাস ফল, তুলসি চা বা হলুদ-দুধের মতো অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খান।
ঘরে সবুজের ছোঁয়া আনুন: ইনডোর প্ল্যান্ট রাখুন, যাতে বাতাস স্বাভাবিকভাবে শুদ্ধ হয়।
এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন: ঘরের জানলা বন্ধ রেখে পিউরিফায়ার ব্যবহার করুন।
হাইড্রেটেড থাকুন: প্রচুর জল খান, নিয়মিত ত্বক পরিষ্কার করুন।
ডাক্তারদের বার্তা একটাই, “এই দীপাবলিতে পারলে আতশবাজি নয়, আলোর দীপ জ্বালান। নিজেকে, আপনার বাতাসকে আর মানসিক শান্তিকে রক্ষা করুন। আসল আলোর উৎসব সেটাই, যখন আমরা সবাই কিছুটা সহজে নিশ্বাস নিতে পারব বাতাসে।”