
শেষ আপডেট: 17 December 2023 19:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এবার জিভে জল আনা নোনতা-মিষ্টির এক বিরাট মেলা। শুরু হয়ে গেল ওয়ার্ল্ড মিঠাই অ্যান্ড নমকিন কনভেনশন এক্সপো ২০২৩। আজ বিশ্ব বাংলা প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
এই মেলায় যা চাইবেন তাই পাবেন। রয়েছে ৩০০ টি স্টল। আপনার যা খেতে ইচ্ছে হয় ঘুরে দেখুন আর খান। পূর্ব ভারতের মিষ্টি এবং নোনতা শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ।
এই মেলাতে খাবারের স্বাদ, মান, পরিমাণ, খাবারের গুণগত মান থেকে শুরু করে প্যাকাজিং, ই-কমার্স, সাপ্লাই চেন সবকিছুর দিকেই কড়া নজর রাখা হয়েছে। বিশ্বের দরবারে ভারতীয় ব্র্যান্ডগুলোর পরিচিতি বাড়ানোর উদ্দেশ্যেই এই মেলা। তিনদিন ব্যাপী এই মেলাতে রয়েছে বিভিন্ন প্রদর্শনী, প্রতিযোগিতা, বিনোদন, ওয়ার্কশপ, সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এদিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। 'মিষ্টি উদ্যোগে'র তরফে ছিলেন ধীমান দাস, নীলাঞ্জন ঘোষাল, অরূপ কুমার দাস, সৈকত পাল সহ আরও অনেকে। এফএসএনএম-এর সভাপতি বীরেন্দর জৈন জানান, কলকাতার বহু উদ্যোগপতি এবং নতুন প্রতিভাদের উৎসাহ দেওয়ার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
ইতিমধ্যেই উদ্বোধনের দিন প্রচুর মানুষের ভিড় জমিয়েছেন মেলায়। উদ্যোগক্তাদের আশা এই মেলায় তিনদিনে প্রায় ৩০ হাজার লোক আসতে পারেন। আপনি যদি এমন রসনা তৃপ্তির মেলায় যেতে চান তাহলে পৌঁছে যেতে হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে।