ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে রিয়ালের দায়িত্ব সামলাবেন জাবি। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন। প্রতিপক্ষ সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

জাবি আলোনসো
শেষ আপডেট: 25 May 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: আলোচনাটা অনেকদিন ধরেই চলছিল। এবার তাতে পাকাপাকি ভাবে সিলমোহর পড়ল। রিয়ালে প্রাক্তন তারকা ফুটবলারই এবার স্যান্তিয়াগো বার্নাব্যুতে আসছেন এমবাপ্পেদের হেড স্যার হয়ে।
রিয়াল মাদ্রিদের (Real Madrid) ডাগআউটে কার্লো আনসেলত্তির (Carlo Ancelotti) পরিবর্তে এবার দেখা যাবে জাবি আলোনসোকে (Xabi Alonso)। রবিবার প্রধান কোচ (Head Coach) হিসাবে জাবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। আর এর পরই সোশ্যাল মিডিয়ায় আলোনসোর সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেওয়া হয় স্প্যানিশ জায়েন্টদের পক্ষ থেকে। বায়ার লেভারকুসেন থেকে এসে ২০২৮ পর্যন্ত চুক্তিতে রিয়ালে নাম লিখিয়েছেন জাবি।
জাবির সঙ্গে রিয়ালের সম্পর্ক আজকের নয়। ফুটবলার হিসাবে রিয়ালেই বেশির ভাগ সময় কাটিয়েছেন তিনি। কোচের ভূমিকাতেও এর আগে রিয়াল মাদ্রিদে কাজ করেছেন জাবি আলোনসো। খেলোয়াড়ি জীবনে রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার ক্লাবটির হয়ে ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ২৩৬টি ম্যাচ খেলেছেন।
রিয়াল জার্সিতে জিতেছেন একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও দু’টি কোপা দেল রে।
পাশাপিশ স্পেনের জার্সিতে আন্তর্জাতিক পর্যায়েও তাঁর যথেষ্ট সাফল্য রয়েছে। স্প্যানিশ আর্মাডার হয়ে জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ এবং ২০১২ ইউরো।
খেলোয়াড়ি জীবনে ইতি টানার পর রিয়াল মাদ্রিদেই কোচিং কেরিয়ার শুরু করেন জাবি। ২০১৮-১৯ মরশুমে তিনি ছিলেন রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমির অনূর্ধ্ব-১২ দলের দায়িত্বে। তাঁর কোচিংয়েই সেই দল জয় করে লিগ ও টুর্নিও দে ক্যাম্পিওনেস ট্রফি।
এরপর লা লিগার আরেক ক্লাব রিয়াল সোসিয়েদাদ বি দলেরও কোচিং করিয়েছেন আলোনসো। সিনিয়র পর্যায়ে তাঁর প্রথম দল ছিল জার্মানির লেভারকুসেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম মরশুমেই ক্লাবটিকে এনে দেন বুন্দেসলিগা খেতাব। লেভারকুসেনের এই সাফল্য তাঁকে কোচ হিসাবে বিশ্ব ফুটবলে পরিচিতি এনে দেয়।
এরপর থেকেই তাঁকে নিয়ে চলছিল আলোচনা। গুঞ্জন শুরু হয়েছিল তাঁর পরবর্তী ঠিকানা কোথায় হতে চলেছে, রিয়াল মাদ্রিদ নাকি লিভারপুল। উল্লেখ্য লিভারপুলের জার্সিতেও খেলেছেন জাবি। অবশেষে রিয়ালের দায়িত্ব নেওয়ার ব্যাপারে মনস্থির করলেন ৪৩ বছর বয়সি এই কোচ।
ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে রিয়ালের দায়িত্ব সামলাবেন জাবি। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন। প্রতিপক্ষ সৌদি আরবের ক্লাব আল-হিলাল।