.webp)
শেষ আপডেট: 1 November 2023 23:48
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের আবহের মধ্যে জয় পেল মোহনবাগান। তারা বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল।
এই জয়ের ফলে আইএসএলের শীর্ষস্থানে টিকে থাকল সবুজ মেরুন দল। পিছিয়ে পড়েও বিপক্ষের ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক করলেন মোহন তারকারা। গুরুত্বপূর্ণ খেলায় সাদিকু, লিস্টন ও কিয়ানের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান।
বুধবার খেলায় ছিলেন না দলের তিন ফুটবলার। চোটের কারণে ছিলেন ডিফেন্ডার আনোয়ার আলি। এছাডাও জ্বরের কারণে মাঠে নামতে পারেননি কামিন্স। এমনকী ছিলেন না বুমোস। তারপরেও জয় পেতে সমস্যা হয়নি দলের।
ম্যাচের শুরুতে দাপট ছিল জামশেদপুরের। দুরন্ত গতিতে দৌড়নোর পাশাপাশি বল নিজের দখলে রাখছিল তারা। মাত্র সাত মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় জামশেদপুর। গোলকিপারের সেভ থেকেই ফিরতি বলে জোরাল শট মেরে গোলে বল জড়িয়ে দেন সানান। তবে গোল খাওয়ার নতুন উদ্যমে শুরু করে মোহনবাগান। ২৯ মিনিটের সাহাল ও মনবীরের দুরন্ত পাস থেকে গোল করেন সাদিকু। আইএসএলে এই প্রথম গোল করলেন আলবেনিয়ার নামী তারকা।
বিরতির পরে আরও ভাল খেলতে শুরু করে মোহনবাগান। গোটা মাঠে দাপিয়ে খেলা শুরু করেন সাহালরা। ৫০ মিনিটে লিস্টনের গোল। মাঠের বাঁদিক থেকে বল নিয়ে উঠে, ডিফেন্ডারদের কাটিয়ে সোজা গোলে বল ঠেলে দেন। ৭৩ মিনিটে পরিবর্ত হিসাবে নেমে মাত্র সাত মিনিটের মাথায় দুরন্ত গোল করেন কিয়ান নাসিরিও।
ম্যাচের শেষদিকে পেনাল্টিতে গোল করে জামশেদপুরের পক্ষে ব্যবধান কমান স্টিভ আমরি। দলের খেলায় খুশি হয়েছেন কোচ জুয়ান। তিনি বলেছেন ছেলেদের খেলায় আমি খুশি। তবে আগামী দিনে আরও ভাল খেলতে হবে।