দ্য ওয়াল ব্যুরো: আজকাল আর কাউকেই ছেড়ে কথা বলেন না কঙ্গনা রানাওয়াত। বলিউড ছেড়ে একবার রিহানা, গ্রেটা। এবারে সবছেড়ে ভারতীয় ক্রিকেটারদের পিছনে লাগলেন অভিনেত্রী। এমনই লাগামছাড়া মন্তব্য তিনি লিখছেন, যে সেটা ডিলিট করতে একপ্রকার বাধ্য হয়েছেন টুইটার কর্তৃপক্ষ।
রিহানা, গ্রেটা থুনবার্গের দিল্লিতে কৃষক বিদ্রোহের 'পাশে থাকার' টুইটকে ঘিরেই বলিউডকে দুভাগে ভাগ হতে দেখলেন সকলে। আবার একই দৃশ্য স্পষ্ট ক্রিকেট জগতেও। গতকাল রোহিত শর্মা একটি টুইট করে লেখেন, "আমরা যখন সবাই একজোট হব, তখন দেশ আরও শক্তিশালী হবে। সমস্যার সমাধান খোঁজাই এখন মূলমন্ত্র হওয়া উচিত। আমাদের ভাল থাকার পিছনে কৃষকদের ভূমিকা অনস্বীকার্য। আশা করছি সকলেই একসঙ্গে মিলে এই সমাধান বের করব একদিন।" পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখেন #ইন্ডিয়াটুগেদার।
রোহিত শর্মার এই পোস্টটিই আবার রিটুইট করে কঙ্গনা লেখেন, "সমস্ত ক্রিকেটাররা কেমন ঘাটের কুকুরদের মতো কথা বলছেন। যে আইন কৃষকদের ভাল থাকার জন্য পেশ করা হল, সেটার বিরোধীতা তাঁরা কেন করছেন! আসলেই এঁরা সন্ত্রাসবাদী। এটা বলতে এত লজ্জা লাগছে তোমাদের?"
ঠিক টুইটটিই ডিলিট করে দেন টুইটার কর্তৃপক্ষ। কারণ এমন ভাষা, কাউকে আঘাত করে এই ধরনের মন্তব্য টুইটারের নিয়মবহির্ভূত। কিন্তু তারপরেও থেমে থাকেননি কঙ্গনা। এবার সরাসরি টুইটারকে 'চিনা পাপেট' বলে বসলেন অভিনেত্রী। গতকাল রাতেই এক টুইট করে কঙ্গনা লেখেন, "চিনা পাপেট টুইটার আবারও আমার অ্যাকাউন্ট নিস্ক্রিয় করার হুমকি দিল। এবারে আমি কোনও নিয়ম ভাঙিনি তাও। যেই দেশে আমি যাব, তোমাকে সঙ্গে নিয়ে যাব। চাইনিজ টিকটকের মতোই তোমায় ব্যানড করে ছাড়ব..."
এটিই প্রথমবার নয়। ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা 'তাণ্ডব'কে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। তখনও বিস্ফোরক মন্তব্যের জেরে কঙ্গনার টুইট ডিলিট করে, অ্যাকাউন্ট নিস্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন টুইটার কর্তৃপক্ষ। কিন্তু তার কয়েকদিনের মাথায় আবারও ঘটনার পুনরাবৃত্তি ঘঠবে কে জানত!