৪০-এ দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর। গর্ভাবস্থার শেষ পর্যায়েও স্টাইল ও সৌজন্যে নজর কাড়লেন অভিনেত্রী। ভাইরাল ভিডিও ঘিরে চর্চা।

সোনম কাপুর
শেষ আপডেট: 3 February 2026 12:21
দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশনের দুনিয়ায় সোনম কাপুর মানেই আলাদা স্টেটমেন্ট, আর ব্যক্তিগত মত প্রকাশে তিনি বরাবরই স্পষ্ট। সেই সোনম কাপুরই (Sonam Kapoor) এখন জীবনের আর এক নতুন অধ্যায়ের দোরগোড়ায়। দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী। ৪০ বছর বয়সে ফের মা হতে চলেছেন অনিল কন্যা, আর মাতৃত্বের এই সময়টুকু তিনি উপভোগ করছেন নিজের মতো করেই।
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোনম। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় তাঁকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। সেখানেই ক্যামেরাবন্দি হয় এক ছোট্ট কিন্তু মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত, যা ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যায়, চেনা আভিজাত্য বজায় রেখেই ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন হবু মা। গর্ভাবস্থার শেষ পর্যায়ে পৌঁছেও তাঁর স্টাইল স্টেটমেন্টে বিন্দুমাত্র ভাটা পড়েনি।
ঠিক সেই সময় এক পাপারাৎজ্জি উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করেন, “ম্যাম, শরীর কেমন আছে? সব ঠিক আছে তো?” আচমকা এই ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত হওয়ার বদলে সোনম হেসে ফেলেন। ক্যামেরার দিকে তাকিয়ে খুব মিষ্টি স্বরে তাঁর উত্তর, “হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনাদের অনেক ধন্যবাদ।” সেই মুহূর্তে তাঁর মুখে ধরা পড়া মাতৃত্বকালীন জেল্লা দেখেই ভক্তদের একাংশের মন্তব্য, এর আগে নাকি কখনও তাঁকে এত সুন্দর লাগেনি।
Sonam Kapoor interacted with the paparazzi outside a store in Mumbai. Watch pic.twitter.com/qQQ0OPWUPJ
— HT Entertainment (@htshowbiz) February 2, 2026
ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সোনমের সৌজন্য ও ভদ্র আচরণের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। এই অবস্থায় অনেক তারকাই ভিড় বা প্রশ্ন এড়িয়ে চলেন, কিন্তু সোনম যেভাবে হাসিমুখে উত্তর দিয়েছেন, তাতে তাঁর ধৈর্য ও মানবিক দিকটাই আরও একবার সামনে এসেছে। নেটিজেনদের মতে, “সোনম সবসময়ই খুব রিয়েল।”
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে দ্বিতীয় গর্ভধারণের কথা ঘোষণা করেছিলেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় তিনি চুটিয়ে উপভোগ করছেন। একদিকে ছেলে বায়ুর সঙ্গে সময় কাটানো, অন্যদিকে আসন্ন সন্তানের অপেক্ষা।
বর্তমানে মুম্বইয়ে বাবার বাড়িতেই রয়েছেন সোনম। খুব শীঘ্রই কাপুর ও আহুজা পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তার আগেই হবু মায়ের এই ‘অল ইজ ওয়েল’ বার্তা যেন ভক্তদেরও নিশ্চিন্ত করে দিল। উল্লেখ্য, ২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দেন সোনম। এখন তাঁর বয়স সবে তিন। আর সেই বায়ুর হাত ধরেই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই যাত্রা উপভোগ করছেন সোনম, যা তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণার গল্প। অভিনেত্রীর কথায়, ২০২৬-এর বসন্তেই আসবে তাঁর দ্বিতীয় সন্তান।