দ্য ওয়াল ব্যুরো: ইরফান খানের নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ার পরে যাঁরা সবার আগে এগিয়ে এসে সবরকম ভাবে পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের মধ্যে সঞ্জয় দত্ত ছিলেন অন্যতম ব্যক্তি। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্তকে নিয়ে এত জল্পনা না করার আবেদন করে, এই কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইরফান-পুত্র বাবিল খান।
বাবা ইরফান খান এবং সঞ্জয় দত্তর একটি ছবি শেয়ার করে বাবিল ইনস্টাগ্রামে লিখেছেন, “সঞ্জু ভাই বাবার অসুখের সময়ে সর্বতো ভাবে পাশে দাঁড়িয়েছিলেন। বাবার মৃত্যুর পরেও তিনি সেই প্রথম কয়েক জনের মধ্যেই ছিলেন, যাঁরা সবরকম ভাবে সাপোর্ট করেছেন। এই কথা এতদিন কেউ জানত না। আমি আজ আপনাদের অনুরোধ করছি, ওঁকে লড়তে দিন কোনও গুজব বা জল্পনা ছাড়া। প্লিজ় মনে রাখুন, সঞ্জুবাবা এক জন বাঘের মতো যোদ্ধা। তিনি ঠিক জিতবেন এই লড়াইয়ে।"
https://www.instagram.com/p/CEFxfX-pTqp/?utm_source=ig_embed
বাবিল গণমাধ্যমের কাছেও সঞ্জয় দত্তকে নিয়ে জল্পনা-কল্পনা এড়াতে আবেদন করেছেন বিশেষ ভাবে। তিনি লিখেছেন, “লেখকদের অবশ্যই ভাবতে হবে, ‘আমি কীভাবে শুরু করব’। তবে আমি লেখক নই। আমি বিনীত ভাবে অনুরোধ করছি, সাংবাদিকদের কৌতূহল যেন মাত্রা না ছাড়ায়। আমি জানি এটি আপনাদের কাজ, তবে আমি এটাও জানি যে আমাদের মধ্যে মানবিক অনুভূতি রয়েছে। তাই সঞ্জয় ও তাঁর পরিবারের কথার গুরুত্ব দেওয়া দরকার।”
কয়েক দিন আগে জানা যায় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। চিকিৎসার জন্য আমেরিকা যাবেন বলেও শোনা যায়। তবে এ ব্যাপারে এখনও নির্দিষ্ট করে কোনও কিছু জানাননি অভিনেতা নিজে। তাঁর পরিবার বা টিমের তরফেও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে মুখ খুলেছেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা। বিবৃতি দিয়ে মান্যতা বলেছেন, সঞ্জয়ের ভক্তরা যেন কোনও ভাবেই কোনও গুজবে কান না দেন। ফ্যান-ফলোয়ারদের অকারণ আতঙ্ক নয়, বরং তাঁদের প্রার্থনা-শুভেচ্ছা-ভালবাসার প্রয়োজন রয়েছে সঞ্জয়ের।
সপ্তাহ দুয়েক আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয় দত্তকে। তখন জানা যায় ৬১ বছরের সঞ্জুবাবার অক্সিজেন স্যাচুরেশনের সমস্যা রয়েছে। তবে কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল সঞ্জয়ের। সেই সুখবর পাওয়ার পরে অনেকটাই স্বস্তিতে ছিলেন অভিনেতার ভক্তরা এবং পরিবার। তবে তার পরেই বিভিন্ন সূত্র মারফত শোনা যায় যে মারণরোগে আক্রান্ত হয়েছেন সঞ্জয়।