
শেষ আপডেট: 7 May 2023 06:40
দ্য ওয়াল ব্যুরো: 'লাইফ মে জিতনা ভি ট্রাই করো বানি, কুছ না কুছ তো ছুটেগা হি, জাহা হ্যায় উওহি কা মজা লেতে হ্যায়'… ১০ বছর পেরোলেও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির এই সংলাপ আজও মুখে মুখে ফেরে জেন ওয়াইয়ের ছেলেমেয়েদের। ২০১৩ সালে রণবীর কাপুর দীপিকা পাড়ুকোন জুটির ছবিটি মুক্তি পাওয়ার পর ব্লকবাস্টার হয়েছিল। সেই ছবির সিক্যোয়েল (Ye jawani hai Diwani sequel) যদি ফের বানানো হতো তবে তা অত্যন্ত আনন্দের হতো দর্শক এবং অভিনেতাদের পক্ষে। সম্প্রতি এমনটাই বললেন বানি ওরফে রণবীর কাপুর (Ranveer Kapoor talks about Ye jawani hai Diwani sequel)।
সম্প্রতি নিজের কাজ নিয়ে অনুরাগীদের সঙ্গে একটি ভার্চুয়াল আড্ডায় যোগ দেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই প্রসঙ্গ ওঠে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটির। ফের কেন পর্দায় দেখা গেল না নয়না-বানি রসায়ন এই প্রশ্ন তোলেন অনুরাগীদের মধ্যে কেউ কেউ। তাঁদের উদ্দেশেই রণবীর বলেন যে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির সিক্যোয়েল বানানো হলে সত্যিই খুব ভাল হতো।
অনুরাগীদের রণবীর জানান যে এই ছবির সিক্যোয়েল বানানোর প্রাথমিক পরিকল্পনাও হয়েছিল। সেখানে ১০ বছর পর নয়না, বানি, অভি, অদিতি কেমন আছে তা দেখানো হতে পারত। কিন্তু পরিচালক অয়ন মুখার্জী ইতিমধ্যে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং শুরু করায় এই ছবির কথাবার্তা আর এগোয়নি। তবে, ভবিষ্যতে ইয়ে জওয়ানি…র সিক্যোয়েল আসতেই পারে। সেখানেও কবীরের চরিত্রে ফের দেখা যাবে রণবীরকেই তা স্পষ্ট অভিনেতার কথায়।
পরিচালক অয়ন মুখার্জীর প্রশংসা করে রণবীরের বক্তব্য ব্রহ্মাস্ত্র আসলে সত্যিই বানাতে অনেকটা সময় লেগেছে পরিচালকের। ফলে, এই ছবি বানানো আর হয়ে ওঠেনি। প্রসঙ্গত, রণবীর জানান যে 'ব্রহ্মাস্ত্র' ছবির সেটেও ইয়ে জওয়ানি…র সিক্যোয়েল নিয়ে আলোচনা হত। এমনকি অয়ন মুখার্জী নিজেও বলেন যে ওই সিক্যোয়েল তৈরি হলে তা অনেক কম পরিশ্রমসাধ্য হতো। সবমিলিয়ে রণবীরের কথায় ফের স্মৃতিমেদুর ভক্তরা। তাঁরা আশায় বুক বাঁধছেন যে হয়তো ফের তাঁদের প্রিয় জুটি কবীর এবং নয়নাকে পর্দায় দেখতে পাবেন তাঁরা।
গরমের কষ্ট ভোলাতে বড় পর্দায় আসছে শাহরুখ থেকে রণবীরের এই ১০ ছবি