ঠিক কোন জায়গা থেকে রটেছিল এই গুঞ্জন? ভাইফোঁটার ঠিক আগে এক সংবাদমাধ্যমে পল্লবী বলেছিলেন, "ও তো সুপারস্টার। আমার কাছে সুপারস্টারের খবর জানতে চাইলে হবে? আমার বাবা এবং দাদা তো সুপারস্টার, আমি তো সামান্য অভিনেত্রী। "

শেষ আপডেট: 30 October 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: এবারে বোন পল্লবী চট্টোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নেওয়া হয়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি ছিলেন কলকাতায়, বোন ছিলেন মুম্বইয়ে। ভাইফোঁটা প্রসঙ্গে জানতে চেয়ে পল্লবীর কিছু মন্তব্যে আচমকাই এও রটে যায় ভাইবোনের অটুট সম্পর্কেও নাকি খানিক ছেদ পড়েছে। যদিও এ দিন অর্থাৎ ৩০ অক্টোবর পল্লবীর জন্মদিনেই স্পষ্ট হল সবটা। এও স্পষ্ট হল, যা রটে, অনেক ক্ষেত্রে তা যে ঘটবেই এমনটা নাও হতে পারে।
এ দিন পল্লবীর জন্মদিনে এক মিষ্টি ছবি শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, "শুভ জন্মদিন তোকে। তুই সবসময় আমার সবচেয়ে বড় সাপোর্ট আর গর্ব হয়ে পাশে দাঁড়িয়েছিস। আনন্দ, সুস্বাস্থ্য আর সাফল্য যেন তোর জীবনকে আঁকড়ে থাকে সবসময়। তোকে খুব ভালবাসি।"
ঠিক কোন জায়গা থেকে রটেছিল এই গুঞ্জন? ভাইফোঁটার ঠিক আগে এক সংবাদমাধ্যমে পল্লবী বলেছিলেন, "ও তো সুপারস্টার। আমার কাছে সুপারস্টারের খবর জানতে চাইলে হবে? আমার বাবা এবং দাদা তো সুপারস্টার, আমি তো সামান্য অভিনেত্রী। তাঁদের খবর আমি কী করে দেব? আমি তো কলকাতায় নেই, দাদা কলকাতায়, আমি মুম্বইয়ে। ব্যস! বাকি আর কিছু জানি না।"
এর পরেই সামাজিক মাধ্যমে রটে দাদার সঙ্গে নাকি সম্পর্কে অবনতি ঘটেছে পল্লবীর। যদিও তা যে সত্যি নয়, এ দিন মিলল সেই প্রমাণই। অভিনেতা-পরিচালক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সন্তান পল্লবী-প্রসেনজিৎ। যদিও তাঁদের ছোটবেলাটা আর পাঁচজন তারকাসন্তানের মতো ছিল না। বাবা থাকতেন মুম্বইয়ে, ছিল অন্য সম্পর্ক। মা রত্না চট্টোপাধ্যায় সাধারণ ভাবেই বড় করে তুলেছেন দু'জনকে। ভাই-বোনের সম্পর্ক শুরু থেকে ছিল গভীর। অর্থাভাব প্রথম থেকেই টের পেয়েছিলেন তাঁরা। নিজের যোগ্যতাতেই বাংলা ছবির সুপারস্টার হয়ে উঠেছেন প্রসেনজিৎ। এই যাত্রায় পাশে পেয়েছেন আদরের ছোট বোনকে।