
শেষ আপডেট: 30 August 2023 15:25
দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার কলকাতার দ্য কনক্লেভে লঞ্চ করা হল স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে বানানো সিরিজ 'নরেন' (Naren series streaming on YouTube)।
এই সিরিজের প্রধান উদ্দেশ্য হল স্বামীজির বাণীকে বর্তমান যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া।

স্বামীজির যুক্তি ও বৈজ্ঞানিক চিন্তাধারা এখনকার সমাজে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিরাও। পরিচালক অভিজিৎ দাসগুপ্ত থেকে শুরু করে হর্ষবর্ধন নেওটিয়া, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, কালিকট রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সেক্রেটারি স্বামী নরসিংহানন্দ সহ আরও অনেকে।
পরিচালক অভিজিৎ দাসগুপ্ত জানান, 'আমি এর আগেও স্বামীজিকে নিয়ে বেশকিছু কাজ করেছি। কিন্তু সেটা কোনোটাই আমাদের নব প্রজন্মের কাছে সেভাবে পৌঁছতে পারেনি। তাই এবারে আমি চেষ্টা করেছি নব প্রজন্ম যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে সেটা মাথায় রেখেই এই সিরিজটি বানানো।'

এই সিরিজ লঞ্চের অনুষ্ঠানে হর্ষবর্ধন নেওটিয়া জানান, তিনি কৃতজ্ঞ এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে। বলেন, 'এই আধুনিক অথচ শিক্ষণীয় কাজের অংশ হতে পেরে আমি খুব আনন্দিত। আজকের যুগের তরুণদের কাছে স্বামীজির ঐক্য ও আত্মবিশ্বাসের বাণী পৌঁছে যাক এটাই চাই।'
স্বামী সুবীরানন্দজি বলেন, 'নরেন সিরিজের মাধ্যমে পরিচালক যেভাবে স্বামী বিবেকানন্দের অসামান্য উত্তরাধিকারকে এমনভাবে জীবন্ত করে তুলেছেন তা হৃদয় ও মনকে মোহিত করে। স্বামীজির অসীম জ্ঞানভান্ডার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে।'
মোট ৫ টি পর্বে বিভক্ত এই সিরিজ দেখা যাবে ইউটিউবে।
আরও পড়ুন: একতা কাপুরের ঝুলিতে আন্তর্জাতিক পুরস্কার! বিনোদন জগতে অবদানের জন্য সম্মানিত হবেন নিউ ইয়র্কে