
শেষ আপডেট: 23 October 2022 03:24
দ্য ওয়াল ব্যুরো: মিডিয়ার সঙ্গে তাঁর একেবারে সাপে-নেউলে সম্পর্ক। প্রায়শই কোনও না কোনও অনুষ্ঠানে গিয়ে মিডিয়ার সঙ্গে বচসায় জড়ানো জলভাত হয়ে গিয়েছে জয়া বচ্চনের (Jaya Bachchan) কাছে। হামেশাই সাংবাদিকদের (Media) উপর মেজাজ হারিয়ে রাগে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। যা নিয়ে এর আগেও বেশ কয়েকবার তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে এই বর্ষীয়ান অভিনেতাকে। কিন্তু মিডিয়ার সঙ্গে কেন এমন করেন অমিতাভ-জায়া? সম্প্রতি নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্ট শো-তে এসে সেই কথাই জানালেন জয়া।
বঙ্গকন্যা সাফ জানিয়ে দিলেন, যারা মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে এবং তা নিয়ে মুচমুচে খবর পরিবেশন করে তাদের আমি ঘেন্না করি।' জয়ার কথায়, ‘‘আমি ঘেন্না করি সেই সমস্ত মানুষদের যারা আমাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে সেই খবর বিক্রি করে টাকা কামায়। এদের দেখলে আমি বিরক্ত হই।'
এরপর জয়া বিষয়টি আরও স্পষ্ট করে বোঝান। নব্যাকে তিনি বলেন, 'কেউ আমার ছবির সমালোচনা করতেই পারেন। আমি সেই কথাগুলো মাথা পেতে নেব। এমনকি আমার খামতির কথা বললে সেগুলোও ঠিক করার চেষ্টা করব। কিন্তু কেউ যদি আমার ব্যক্তিগত জীবনে নাক গলায়, তাহলে তাকে আমি ছেড়ে কথা বলব না। কারণ, বাইরের কারও আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করার অধিকার নেই। ধরো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কেউ পাশ দিয়ে আমার ছবি তুলছে! এমনটা আমি একেবারেই বরদাস্ত করব না।'
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নাতনি নব্যাকে সঙ্গে নিয়েই ল্যাকমে ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন জয়া বচ্চন। অভিযোগ, সেখানে চিত্রসাংবাদিকরা দু’জনের ছবি তুলতে গেলে তাঁদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেন অভিনেতা। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। সেই সাংবাদিকের উদ্দেশ্যে বলা ‘আছাড় খেয়ে পড়লেই ভাল' মন্তব্যটি নিয়ে নানা তর্ক-বিতর্ক শুরু হয়। আর এর পরেই জয়াকে নিয়ে নিন্দার ঝড় ওঠে।