
শেষ আপডেট: 11 March 2023 13:44
দ্য ওয়াল ব্যুরো: ডব্লিউবিএফজেএ-র পর এবার ফিল্মফেয়ারেও বাজিমাত করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মাত্র দু'মাসের মধ্যে সেরা অভিনেতার জোড়া অ্যাওয়ার্ড জিতলেন তিনি। 'প্রজাপতি' (Projapati) সিনেমায় তাঁর অভিনয় যে ছক্কা হাঁকিয়েছে, সে কথা শোনা গিয়েছিল দর্শকদের মুখেই। আর এবার ফিল্মফেয়ার (Filmfare Award) জিতেও সমালোচকদের চুপ করালেন।
শুক্রবার সন্ধেয় বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে বসেছিল ফিল্মফেয়ারের আসর। অ্যাওয়ার্ড শো উপলক্ষে রীতিমতো চাঁদের হাট দেখা গিয়েছে সেই হোটেলে। অনির্বাণ ভট্টাচার্য থেকে যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বাদ ছিলেন না কেউই। সেই ফিল্মফেয়ারের মঞ্চেই শুক্রবার সম্মানিত হলেন মিঠুন।
এদিকে এই খবর বাইরে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মিঠুন চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার দরুণ তাঁকে নিয়ে ফের মিমের বন্যা শুরু হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে। যদিও পুরস্কার পাওয়ার পরেও এই বিষয়ে এখনও মুখ খোলেননি মিঠুন। অন্যদিকে, তৃণমূল নেতাও নতুন করে আর কিছু বলেননি এখনও পর্যন্ত।
উল্লেখ্য, ‘প্রজাপতি’ মুক্তির পর নন্দন-বিতর্ক যখন তুঙ্গে তখন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, “ছবিটা ডুবিয়ে দিয়ে গেছেন মিঠুনদা। মিঠুনদার ফ্লপ অভিনয়ের জন্য ছবিটা একদম ঝাড় খেয়ে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে টানার জন্য হয়তো কোনও বিতর্ক তৈরির চেষ্টা করছে বিজেপি।” যদিও এরপরই মিঠুনের হয়ে পাল্টা ব্যাট ধরেন দেব। বলেন, “সিনেমাটা আমার বিষয়। ওটা আমার উপরে ছেড়ে দিন। ছবি নিয়ে কোনও টিপ্পনী করবেন না।”
'প্রজাপতি' ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় যে খারাপ ছিল না, তা এ বছরে অনুষ্ঠিত হওয়া প্রথম অ্যাওয়ার্ড শো ডব্লিউবিএফজেএ-তেই প্রমাণ হয়ে গিয়েছিল। এবার ফিল্মফেয়ারের মঞ্চেও তিনি সেরা অভিনেতার পুরস্কার জিতে হয়তো বুঝিয়ে দিলেন, তিনি জিততেই এসেছেন।
ফিল্মফেয়ারে সেরা ছবি বল্লভপুর-দোস্তজী, ‘ব্ল্যাক লেডি’ জিতলেন আর কারা