অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখার সম্পর্ক নিয়ে নতুন দাবি। এক লাঞ্চ মিটিংয়ে জয়ার মন্তব্যের পরই কি দূরে সরে যান রেখা?

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখা
শেষ আপডেট: 13 April 2026 16:08
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ইতিহাসের অন্যতম চর্চিত বিষয় হল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন এবং রেখার সম্পর্কের সমীকরণ (Jaya Bachchan statement Rekha)। প্রবীণ লেখক ও চলচ্চিত্র গবেষক হানিফ জাভেরি সম্প্রতি একটি পডকাস্টে এই ত্রয়ীর জীবনের কিছু না-জানা পুরনো অধ্যায় তুলে ধরেছেন, যা আবারও পুরনো গুঞ্জনকে উস্কে দিয়েছে।
হানিফ জাভেরির মতে, অমিতাভ বচ্চন যখন শুটিংয়ের কাজে শহরের বাইরে ছিলেন, তখন জয়া বচ্চন একদিন আচমকাই রেখাকে নিজের বাড়িতে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ মনে হলেও, সেই দিনটি ছিল বেশ নাটকীয়। জাভেরি জানান, জয়া সেদিন শান্ত অথচ অত্যন্ত দৃঢ়ভাবে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। সরাসরি রেখার চোখে চোখ রেখে জয়া বলেছিলেন, "দেখো, অমিতাভ আমার ছিল, আমার আছে এবং সবসময় আমারই থাকবে।" শোনা যায়, এই ঘটনার পরেই রেখা ব্যক্তিগত ও পেশাগত—উভয় দিক থেকেই অমিতাভের থেকে দূরত্ব তৈরি করে নেন।
অমিতাভ ও জয়ার সম্পর্কের শুরু হয়েছিল ‘এক নজর’ ছবির শুটিংয়ের সময় থেকে। তবে জাভেরি উল্লেখ করেছেন যে, অমিতাভের জীবনের এক কঠিন সময়ে জয়া তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ‘কুলি’ ছবির সেটে দুর্ঘটনার পর জয়া দিনরাত হাসপাতালে অমিতাভের সেবা করেছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। জয়ার এই নিঃস্বার্থ সেবা দেখেই অমিতাভ মানসিকভাবে তাঁর প্রতি আরও দায়বদ্ধ হয়ে পড়েন এবং ধীরে ধীরে রেখার থেকে নিজেকে সরিয়ে নেন।
১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ ও জয়া বচ্চন। তাঁদের দুই সন্তান—শ্বেতা এবং অভিষেক। অন্যদিকে, রেখা ১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করলেও সেই দাম্পত্য জীবন ছিল মাত্র সাত মাসের। মুকেশের আত্মহত্যার পর রেখা আর দ্বিতীয়বার বিয়ে করেননি। তবে আজও তাঁর সিঁথির সিঁদুর নিয়ে অনুরাগী ও সংবাদমাধ্যমে বিতর্কের শেষ নেই।