
শেষ আপডেট: 30 August 2022 12:52
দ্য ওয়াল ব্যুরো: তেলেগু তারকা আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ধরা পড়েছিল। মারকাটারি সংলাপ, অ্যাকশন, গল্প- সবমিলিয়ে গতবছর ডিসেম্বরে ছবি মুক্তির পর থেকেই পুষ্পাজ্বরে ভুগছিল গোটা ভারত। তবে ছবির ক্রেজ এখনও এতটুকু কমেনি, তা প্রমাণ হয়ে গেল গণেশ চতুর্থীর (Ganesh Puja) ঠিক আগে। পুষ্পারাজুর মতোই থুতনির তলায় হাত দিয়ে একইরকম ভঙ্গিতে দেখা গেল গণপতি বাপ্পাকে।
মহারাষ্ট্র-সহ বেশ কয়েকটি রাজ্যে গণপতি পুজো হয় বাংলার দুর্গাপুজোর মতোই। সেখানে বিশাল ধুমধাম করে পালিত হয় এই উৎসব। কচিকাঁচা থেকে বুড়োবুড়ি, সকলে মেতে ওঠে আনন্দে। সদ্যই চালু হয়েছে নানারকম থিমের পুজোও। তেমনই আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি গণেশের মূর্তি, যা সম্পূর্ণ পুষ্পার আদলেই তৈরি। ব্যাকব্রাশ করা কোঁকড়ানো চুল, থুতনির তলা দিয়ে হাত ঘোরানোর ভঙ্গিমা সবই মিলে গিয়েছে। তফাৎ শুধু একটাই- গণপতির শুঁড়ে।
এর আগে গণেশ পুজোয় বেশ কয়েকবার কোনও নেতা বা বীরযোদ্ধার আদলে গণপতির মূর্তি তৈরি হয়েছিল। যা দর্শকদের বেশ নজর কেড়েছিল। তবে দক্ষিণী ছবির এই সুপারস্টারের আদলে গণেশের মূর্তি তৈরি প্রথমবার। যেই ঘটনা আল্লু অর্জুনের উন্মাদনা এবং স্টারডমের একটি নিখুঁত উদাহরণ বলেই দাবি করছেন তাঁর ভক্তরা। তবে এই মূর্তিটি কোথায় তৈরি হয়েছে, তা এখনও জানা যায়নি।
যদিও নেটিজেনদের একাংশ এই ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসাবেই দেখছেন। তাঁদের দাবি, 'পুষ্পা দ্য রাইজ ছবিতে পুষ্পাকে একজন চোরাচালানকারী হিসাবে দেখানো হয়েছে। সে আবার বিড়িও খায়, বিভিন্নরকম নেশাও করে। তাঁর আদলে গণেশ মূর্তি তৈরি করে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে।' ওই মণ্ডপের পুজোও বয়কটের ডাক দিয়েছেন অনেকে।