
ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স
শেষ আপডেট: 24 November 2024 19:31
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ মেগা অকশন ইতিমধ্যে জমে উঠেছে। এই অনুষ্ঠানে দেখা গিয়েছে একাধিক চমক। তবে সবথেকে বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ারের জন্য তারা ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছে।
গত ৩১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় নাম ছিল না ভেঙ্কটেশের। নিজের নাম দেখতে না পেয়ে কেঁদে ফেলেছিলেন এই ক্রিকেটার। রেভ স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে সেকথা জানিয়েছিলেন তিনি। অবশেষে পুরনো যোদ্ধাকে ফের ঘরে ডেকে নিল নাইট ব্রিগেড।
তবে কলকাতার কাছে ভেঙ্কটেশকে ফিরে পাওয়া যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। কারণ আসরে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ২৩.৫০ কোটি টাকা পর্যন্ত দর দেয়। কিন্তু, তাতেও পিছু হটেনি কলকাতা। শেষপর্যন্ত, ঘর ওয়াপসি হল ভেঙ্কটেশের।
প্রসঙ্গত, এই নিলাম অনুষ্ঠানে একাধিক বড় রেকর্ড কায়েম হয়েছে। ঋষভ পন্থের জন্য ২৭ কোটি টাকা খরচ করেছে লখনউ সুপার জায়ান্ট। শ্রেয়স আইয়ারের জন্য পঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছে। এরপর সবথেকে বেশি টাকা ভেঙ্কটেশের জন্য খরচ করল কলকাতা নাইট রাইডার্স। আশা করা যায়, আগামী বছর এই কেকেআর অলরাউন্ডার নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারবেন।