
বুমরাহ
শেষ আপডেট: 12 January 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার মুখে জশপ্রীত বুমরাহ। সূত্রের খবর, পিঠে ব্যথার জেরে আসন্ন টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। আজ, রবিবার, দল ঘোষণার চূড়ান্ত দিন। ইতিমধ্যে নির্বাচকমণ্ডলী আনুষ্ঠানিকভাবে কোনও কিছু ঘোষণা করেনি। কিংবা আইসিসির কাছে দল ঘোষণার ডেডলাইন বাড়ানোর ইচ্ছে প্রকাশ করেছে বিসিসিআই, এমনটাও জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, বুমরাহ না থাকলে ভারত যথেষ্ট চাপে থেকে টুর্নামেন্ট শুরু করবে।
উল্লেখ্য, সামনের মাসের ১৯ তারিখ থেকে পাকিস্তানে শুরু হতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফি। পূর্ব ঘোষণামতো, ভারত তাদের সমস্ত ম্যাচ খেলবে দুবাইয়ে। এমনকী সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলেও দুবাইতেই ভেন্যু ঠিক করা হবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আইসিসি।
উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেই সিরিজের জন্য দল বাছতে গতকাল মুম্বইয়ে নির্বাচকেরা আলোচনায় বসেন। প্রত্যাশিতভাবে সেখানে বুমরাহকে রাখা হয়নি। ইতিমধ্যে বেঙ্গালুরুর বিসিসিআইয়ের রিহ্যাবে রয়েছেন ভারতের পেসার। সেখানকার মেডিক্যাল রিপোর্ট এখনও হাতে আসেনি। হাতে এলেও ১৫ সদস্যের প্রাথমিক দল কিংবা রিজার্ভ টিম—দুইয়ের কোথাও জায়গা করে নিতে পারবেন বুমরাহ, এমন আশা প্রায় নেই বলেই মনে করছে নির্বাচকমণ্ডলী।
সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকার ট্রফির শেষ ম্যাচ আয়োজিত হয় সিডনিতে। সেখানেই চোট পেয়ে মাঠ ছাড়েন বুমরাহ। এমনকী চতুর্থ ইনিংসে বলও করতে পারেননি তিনি। দলের আর সমস্ত বোলারের ব্যর্থতা ঢাকতে অতিরিক্ত পরিশ্রমের জেরেই আহত হন বুমরাহ, মনে করছে বিশেষজ্ঞদের বড় অংশ।