দুপুর দেড়টা নাগাদ হাল্কা ঝিরঝিরে, দ্রুত জোরে নামে। ভিজে যায় আউটফিল্ড, পিচ ঢেকে দেওয়া হয় কভারে। নির্ধারিত সময় দুপুর আড়াইটের টস পিছিয়ে দেওয়া হয়েছে আধ ঘণ্টা, নতুন সময় বিকেল ৩টা।

বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল
শেষ আপডেট: 2 November 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: নবি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) আজই ইতিহাস নির্ধারণ। ভারত (India Women’s Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa Women’s Team)—২০২৫ মহিলা একদিনের বিশ্বকাপের (Women’s World Cup 2025 Final) ফাইনাল। কিন্তু শুরুর আগেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
দুপুর দেড়টা নাগাদ হাল্কা ঝিরঝিরে, দ্রুত জোরে নামে। ভিজে যায় আউটফিল্ড, পিচ ঢেকে দেওয়া হয় কভারে। নির্ধারিত সময় দুপুর আড়াইটের টস পিছিয়ে দেওয়া হয়েছে আধ ঘণ্টা, নতুন সময় বিকেল ৩টা। কিন্তু এখনও বৃষ্টি থামেনি, বরং আরও বেড়েছে। ফলে টসের সম্ভাবনাও ঘোরতর অনিশ্চিত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেল পর্যন্ত মাঝেমধ্যে বৃষ্টি চলতে পারে। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রেকর্ডে ভর করে ফাইনালে ভারত
অস্ট্রেলিয়াকে হারিয়ে (Australia Women’s Team) ইতিহাস গড়েছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। সেমিফাইনালে ৩৩৮ রান তাড়া করে জয় এনে দিয়েছে জেমাইমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) দুরন্ত ইনিংস। এবার লক্ষ্য আরও বড়—প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতা।
ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন মান্ধানা—৮ ম্যাচে ৩৮৯ রান। অধিনায়ক হরমনপ্রীতও আছেন ছন্দে। অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma) ও শিখা পাণ্ডের (Shikha Pandey) ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এবার ফাইনালে উঠেছে প্রথমবার। ক্যাপ্টেন লরা উলভার্ট (Laura Wolvaardt) এবং মারিজান ক্যাপের (Marizanne Kapp) অভিজ্ঞতা দলকে টেনে তুলেছে বারবার। ভারতের বিপক্ষে প্রোটিয়া বাহিনী চাইবে চাপ ধরে রেখে সুযোগ কাজে লাগাতে।
আজকের ম্যাচের গুরুত্ব
এই ফাইনাল শুধু একদিনের লড়াই নয়—ভারতের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত। জয় মানে নতুন ইতিহাস, পরাজয় মানে আরও একটি অপেক্ষা। হরমনপ্রীত আগেই বলেছেন, ‘ট্রফি আমাদের সামনে। এখন কেবল সাহস নিয়ে নামতে হবে।’
যদিও সব চোখ এখন আকাশের দিকে—বৃষ্টি থামলেই শুরু হবে সেই ইতিহাস রচনার লড়াই।
ম্যাচ যদি ভেসে যায়, তবে কী হবে?
আয়োজকরা অবশ্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, অর্থাৎ বিকল্প দিন। যদি রবিবার একটিও বল না গড়ায়, তবে সোমবার, অর্থাৎ ৩ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তবে, ম্যাচ রেফারি ও অফিসিয়ালদের নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবেই হোক প্রথম দিনেই খেলা শেষ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ, সময় কমে এলেও ম্যাচ চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
অন্তত ২০ ওভার না হলে ফলাফল নয়
আইসিসির নিয়ম অনুযায়ী, ফাইনালে কোনও দলকে জয়ী ঘোষণা করতে হলে, প্রতিপক্ষ দলকে অন্তত ২০ ওভার খেলতে হবে। অর্থাৎ, ২০ ওভারের কমে যদি খেলা বৃষ্টিতে ভেসে যায়, তা হলে ম্যাচের ফলাফল হবে ‘নো রেজাল্ট’।
সবচেয়ে বড় প্রশ্ন, যদি রিজার্ভ ডেতেও বৃষ্টি বাধা দেয়? সে ক্ষেত্রে, কোনও একক বিজয়ী ঘোষণা করা হবে না। ট্রফি ভাগ করে দেওয়া হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। অর্থাৎ, দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করবে আইসিসি।